গফরগাঁওয়ে ৩ কোটি টাকার বরাদ্দ ফেরতের আশংকা
গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা
প্রকাশ : ২১ মে ২০১৪, ২২:১৮
ময়মনসিংহের গফরগাঁওয়ে প্রশাসনিক অব্যবস্থাপনা ও শ্রমিকদের তালিকা তৈরিতে দীর্ঘসূত্রিতার কারণে ৫টি ইউনিয়নের অতি দরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচির কাজ বন্ধ রয়েছে। ফলে অতিদরিদ্র ১ হাজার ৯ শত ২২ জন শ্রমিক তাদের ন্যায্য মজুরি থেকে বঞ্চিত হচ্ছে। নির্ধারিত সময়ের প্রায় ১ মাস পর কাজ শুরু করায় উপজেলার অন্য ১০টি ইউনিয়নের আরও প্রায় ৪ হাজার শ্রমিক তাদের প্রাপ্য মজুরির অর্ধেক টাকাও পাবে না। ফলে এ উপজেলায় হতদরিদ্র শ্রমিকদের জন্য সরকারি বরাদ্দের প্রায় ৩ কোটি টাকা ফেরত যাওয়ার আশংকা দেখা দিয়েছে।
জানা গেছে, ২০১৩-২০১৪ অর্থ বছরে ২য় পর্যায়ে অতিদরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচির আওতায় উপজেলার ১৫টি ইউনিয়নে গত ১ এপ্রিল ৫ হাজার ৯শ’ ৯৩ জন শ্রমিকের মজুরি, ননওয়েজ কষ্টসহ ৫ কোটি ৩৫ লাখ ৯৪ হাজার ৬শ’ ৫৪ টাকা বরাদ্দ মিলে। নীতিমালা অনুযায়ী এ প্রকল্পের কাজ গত ১৯ এপ্রিল থেকে শুরু করে ১৮ জুন শেষ হওয়ার কথা। কিন্তু প্রশাসনিক অব্যবস্থাপনা, নামের তালিকা তৈরিতে ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের অযাচিত হস্তক্ষেপ এবং এ নিয়ে দ্বন্দ্ব আর দীর্ঘসূত্রিতার কারণে উপজেলার সালটিয়া, রসুলপুর, গফরগাঁও, লংগাইর ও রাওনা ইউনিয়নে গতকাল বুধবার পর্যন্ত কাজ শুরু হয়নি। উপজেলার বাকি ১০টি ইউনিয়নের মধ্যে অধিকাংশগুলোর কাজ গত শনিবার ও সোমবার থেকে শুরু হয়েছে। আগামী ১৮ জুন পর্যন্ত নিয়মানুযায়ী কাজ হলেও প্রায় ৩ কোটি টাকা ফেরত যাওয়ার আশংকা দেখা দিয়েছে।