কাপাসিয়া ও তরগাঁও-এ লোডশেডিং

গাজীপুর জেলার কাপাসিয়া ৪ নম্বর ফিডারের তরগাঁও ইউনিয়নে বিদ্যুত্ সরবরাহের অবস্থা বর্তমানে খুবই শোচনীয়। ৪ নম্বর ফিডারটি দুই ভাগে বিভক্ত— একটি অংশ হলো কাপাসিয়া সদর এলাকা, অন্য অংশ তরগাঁও ইউনিয়ন— মধ্যে শুধু একটি নদী। কোনদিন বিকালবেলায় এক ঘন্টা থেকে দেড় ঘন্টা লোডশেডিং আবার কোনোদিন সন্ধ্যার পর কিছু সময় বিদ্যুত্ থাকে পরে আবার শুরু হয় লোডশেডিং। স্কুল-কলেজের ছেলে-মেয়েদের লেখাপড়ার ব্যাঘাত ঘটছে। যখন বিদ্যুত্ চলে যায় তখন নদীর পাড়ে এসে দেখা যায় ৪ নম্বর ফিডারের একটি অংশ সদর এলাকায় বিদ্যুত্ রয়েছে। আর নদীর পূর্ব পাড়ে তরগাঁও ইউনিয়নটি অন্ধকারে। এ ছাড়া বন্ধের দিনও লোডশেডিং করা হয়। রাত্রে দফায় দফায় বিদ্যুত্ যায়। যতদিন ৪ নম্বর ফিডারটি একসঙ্গে না চালানো হবে ততদিন তরগাঁওবাসী বিদ্যুতের লোডশেডিং থেকে রেহাই পাবে না। এ অবস্থায়, লোডশেডিং হ্রাসে আশু ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। মো. রেহান উদ্দিন, তরগাঁও দক্ষিণ মধ্যপাড়া, কাপাসিয়া, গাজীপুর।