ইত্তেফাক রিপোর্ট
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) উদ্যোগে মতিঝিলের বিসিক ভবন চত্বরে চলছে ৫ দিনব্যাপী ‘বর্ষামেলা ১৪২৬ ও ত্রৈমাসিক কারুশিল্প প্রদর্শনী’। গতকাল বিসিকের পরিচালক (অর্থ) স্বপন কুমার ঘোষ প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিকের পরিচালক (নকশা ও বিপণন) মো. মাহবুবুর রহমান। স্বাগত ভাষণ দেন প্রধান নকশাবিদ শাহ নুরুজ্জামান। বিসিকের নকশা কেন্দ্র থেকে প্রশিক্ষণ গ্রহণকারীদের বিভিন্ন পণ্যসামগ্রীর পরিচিতি ও বাজার সৃষ্টির মাধ্যমে তাদেরকে সহায়তা প্রদানের লক্ষ্যকে সামনে রেখে এ মেলার আয়োজন করা হয়েছে। মেলায় বিভিন্ন ধরনের পোশাক, নকশীকাঁথা, তাঁতের ও জামদানি শাড়ি, পাটের হস্তশিল্প, খাদ্যজাত সামগ্রীসহ হস্ত ও কুটির শিল্পজাত পণ্যের বিপুল সমারোহ ঘটেছে। মেলা উপলক্ষে কারুশিল্পীদের উত্পাদিত পণ্যসামগ্রী নিয়ে চলছে কারুশিল্প প্রদর্শনী। মেলায় বিভিন্ন ধরনের হস্ত ও কুটির শিল্পপণ্যের ৫০টি স্টল রয়েছে। মেলা আগামী ৩০ মে পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত উন্মুক্ত থাকবে।