গড়কড়ির মানহানির মামলায় কারাগারে কেজরিওয়াল
প্রকাশ : ২১ মে ২০১৪, ২৩:১৮
ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা নীতিন গড়কড়ির দায়ের করা মানহানির মামলায় কারাগারে গেলেন আলোচিত নেতা এবং আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। তাকে গতকাল বৃহস্পতিবার গ্রেপ্তার করে দিল্লির তিহার কারাগারে পাঠানো হয়। আজ শুক্রবার পর্যন্ত তাকে কারাগারে থাকতেই হবে। আজ আবার মামলার শুনানির রায়ের মাধ্যমে জানা যাবে তিনি মুক্তি পাবেন কিনা। এদিকে দিল্লির মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করায় তিনি দু:খ প্রকাশ করেন। একই সঙ্গে তিনি আবার বিধানসভার নির্বাচন দেওয়ার আহবা জানান। খবর টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভি’র।
কেজরিওয়ালের গ্রেপ্তারের পর আদালতের সামনে তার সমর্থকরা বিক্ষোভ করেন। আদালত জামিনের বিনিময়ে দশ হাজার রুপির মুচলেকা দেওয়ার আহবান জানালে কেজরিওয়াল দিতে অস্বীকৃতি জানান। এরপর পুলিশ তাকে গ্রেপ্তার করে। সমর্থকদেরও কয়েকজনকে আটক করা হয়। এরপর আদালত এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়। গত জানুয়ারিতে কেজরিওয়াল নীতিনকে ‘চোর’ বলে সম্বোধন করেন। এমনকি ভারতের সবচেয়ে বড় দুর্নীতিবাজ হিসেবে নীতিনকে আখ্যা দেন কেজরিওয়াল।এরপর গড়কড়ি মামলা করেন। তিনি এই মামলাকে রাজনৈতিক মামলা উল্লেখ করে বলেন, আমি কারাগারে যেতে প্রস্তুত। তবুও মুচলেকা দেব না।
এদিকে দিল্লির মুখ্যমন্ত্রীর পদ থেকে মাত্র ৪৯ দিনের মাথায় আকস্মিক পদত্যাগের কারণে বুধবার দিল্লির জনগণের কাছে দুঃখ প্রকাশ করেন। একই সঙ্গে দিল্লীর নির্বাচনে যাওয়ার প্রস্তুতির ঘোষণা দিয়েছেন তিনি। দিল্লির লেফটেন্যান্ট গভর্নর (এলজি) নাজীব জংয়ের সঙ্গে বৈঠকের ঠিক এক দিন পর জনগণের কাছে দুঃখ প্রকাশ করলেন কেজরিওয়াল। বৈঠকে কেজরিওয়াল নাজীবের কাছে আবার সরকার গঠনের সুযোগ দেয়ার আবেদন জানিয়েছেন। কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী থাকার ৪৯ দিন পর গত ১৪ ফেব্রুয়ারি পদত্যাগ করেন।