সিলেট নার্সিং কলেজে ধর্মঘট অব্যাহত
প্রকাশ : ২১ মে ২০১৪, ২৩:২১
সিলেটে ইন্টার্ন চিকিত্সক ও শিক্ষার্থী নার্সের মধ্যকার অপ্রীতিকর ঘটনার জেরে গতকাল বুধবার সকাল ৮টা থেকে তৃতীয় দিনের মতো অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করছে সিলেট নার্সিং কলেজের শিক্ষার্থীরা। রবিবারের ঘটনার সুষ্ঠু বিচার না হলে তারা আন্দোলন চালিয়ে যাওয়ারও প্রত্যয় ব্যক্ত করেছেন। এ নার্সিং কলেজের শিক্ষার্থীরা জানান, ঘটনার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।
এদিকে সূত্র জানায়, বুধবার দুপুরে অনুষ্ঠিত সমঝোতা বেঠক ব্যর্থ হয়েছে। বৈঠকে ওসমানী মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. মোর্শেদ আহমদ চৌধুরী, সিলেট নার্সিং কলেজের অধ্যক্ষ শিল্পী চক্রবর্তী, ইন্টার্ন চিকিত্সক ও ইন্টার্ন নার্সদের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন; কিন্তু ইন্টার্ন নার্সরা তাদের দাবির প্রতি অনড় থাকায় সমঝোতা বৈঠকে কোনো সিদ্ধান্ত হয়নি। ইন্টার্ন নার্সরা বলছেন, দোষী ইন্টার্ন চিকিত্সকদের শাস্তি না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।
সিলেটের এই পরিস্থিতিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন উপ-সচিবকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকা থেকে এই উপ-সচিব সিলেটে এসে পৌঁছার কথা রয়েছে বলে ওসমানী মেডিক্যাল কলেজের সূত্র জানায়।
উল্লেখ্য যে, রবিবার রাত সাড়ে ১২টায় ওসমানী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চতুর্থ তলার ৫ নম্বর ওয়ার্ডে কথা কাটাকাটির জের ধরে শিক্ষানবিস চিকিত্সকরা শিক্ষানবিস সেবকদের ওপর হামলা চালায়। এতে প্রলয় কুমার নামের এক শিক্ষানবিস ব্রাদার গুরুতর আহত হন। এছাড়া হামলায় আহত হন আরো কয়েকজন শিক্ষানবিস নার্স। হামলাকারী শিক্ষানবিস চিকিত্সকদের শাস্তির দাবিতে সোমবার সকাল থেকে নার্সিং কলেজের শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন করে হাসপাতালে সেবাদান থেকে বিরত রয়েছেন।
ওসমানী হাসপাতালের উপ-পরিচালক ডা. তন্ময় ভট্টাচার্য জানান, হাসপাতালের কার্যক্রম স্বাভাবিক গতিতে চলছে। শিক্ষার্থীদের ধর্মঘট হাসপাতালের কার্যক্রমে কোন প্রভাব ফেলছে না।