কাস্টমস-বিজিবি দ্বন্দ্বে শেওলা স্টেশনে ৪ দিন ধরে কয়লা আমদানি বন্ধ

কাস্টমস-বিজিবি দ্বন্দ্বে সিলেটের শেওলা শুল্ক স্টেশনে ৪ দিন ধরে ভারত থেকে কয়লা আমদানি বন্ধ রয়েছে। কয়লাবাহী ট্রাকে মালের পরিমাপ নিয়ে এ দ্বন্দ্বের সৃষ্টি হয়। এর ফলে প্রতিদিন ১৪ লাখ টাকার রাজস্ব ক্ষতি হচ্ছে বলে সংশ্লিষ্টসূত্রে জানা যায়। এদিকে গতকাল বুধবারও কোন ট্রাক কয়লা নিয়ে শেওলা শুল্ক স্টেশন দিয়ে প্রবেশ করেনি। সংশ্লিষ্টসূত্রে জানা যায়, বিজিবি ভারতীয় কয়লাবাহী ২৭টি ট্রাক গত শনিবার বাঁশকলের বাইরে আটকে রেখে মাপতে গিয়ে এ জটিলতা দেখা দেয়। এ ঘটনায় গত রবিবার শেওলা শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা সিলেট কাস্টমস বিভাগের সহকারী কমিশনারকে বিষয়টি অবহিত করেন। এরপর সহকারী কাস্টমস কমিশনার মো. সাদেক এবং বিজিবি ৫২ ব্যাটালিয়ন শ্রীমঙ্গলের দায়িত্বশীল কর্মকর্তারা শুল্ক স্টেশন পরিদর্শন করেন। শেওলা শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা সুনন্দা দাস বলেন, শুল্ক এলাকায় আমদানি করা পণ্যের সম্পূর্ণ এখতিয়ার কাস্টমসের। এখানে অন্য কারো পণ্য মাপার সুযোগ নেই। বিজিবি ৫২ ব্যাটালিয়ন-এর একজন দায়িত্বশীল কর্মকর্তা গণমাধ্যম কর্মীকে বলেন, গত ১৭ মে কয়লার গাড়ি মাপার সময় বিজিবির সাথে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ইউপি চেয়ারম্যান, আমদানিকারক, কাস্টমস প্রতিনিধি, উপজেলার এসি ল্যান্ড উপস্থিত থেকে তারা মাপ সঠিক বলেছেন। তবে বিজিবি কর্তৃপক্ষ পরিমাপের পদ্ধতি সমপর্কে না জেনে আমদানি করা কয়লার পরিমাপ নিয়ে অভিযোগ করা ও ভারতীয় ট্রাক আটকের কারণে রপ্তানিকারকরা কয়লা রপ্তানি বন্ধ রেখেছে বলে সংশ্লিষ্টসূত্রে জানা যায়।