নিরাপদ খাদ্য নিশ্চিত করার নির্দেশনা চেয়েহাইকোর্টে রিট

দেশের সব নাগরিকের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়েছে। আবেদনে একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন এবং নিরাপদ খাদ্য আইন বাস্তবায়ন না হওয়ার মূল কারণগুলো বের করে দুই সপ্তাহের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিলে ওই কমিটির প্রতি নির্দেশনা চাওয়া হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী ফরিদ আহমেদের পক্ষে সৈয়দ মহিদুল কবির ও আজম খান হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন। রিটে বলা হয়, খাদ্য নিরাপত্তা নিশ্চিতে নিরাপদ খাদ্য উত্পাদন, আমদানি, প্রক্রিয়াজাতকরণ, বাজারজাতকরণ ও বিক্রির জন্য ভোক্তা অধিকার আইন, নিরাপদ খাদ্য আইন করা হয়। কিন্তু সেগুলোর বাস্তবায়নে কর্তৃপক্ষ নিষ্ক্রিয়। নিরাপদ খাদ্য আইনের ১৫ ধারা উল্লেখ করে রিটে বলা হয়, এই আইনের উদ্দেশ্য পূরণে ‘কেন্দ্রীয় নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটি’ নামে একটি কমিটি গঠন করা হবে। ‘বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ’ নামে একটি সংবিধিবদ্ধ সংস্থা করার কথাও আইনের ৫ ও ৭ ধারায় উল্লেখ রয়েছে। এসব আইন থাকার পরেও প্রতিদিন খাবারের সঙ্গে মিশছে বিষ। তাই সব নাগরিকের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সরকারকে উদ্যোগী হতে হবে। রিটে ২০১৩ সালের নিরাপদ খাদ্য আইনের ৭ ও ১৫ ধারা অনুযায়ী কর্তৃপক্ষ গঠনে খাদ্য সচিবকে কেন নির্দেশনা দেয়া হবে না, তা জানাতে রুল চাওয়া হয়। রুল বিচারাধীন থাকাকালে দেশের বিভিন্ন শহর ও মহানগরগুলোতে মোবাইল কোর্ট পরিচালনা করতে স্বরাষ্ট্র সচিব, বিএসটিআই এর পরিচালক, পুলিশ মহাপরিদর্শক, র্যাব মহাপরিচালক, ঢাকা মহানগর পুলিশের কমিশনারকে নির্দেশনা দিতে আবেদনে বলা হয়েছে। বাণিজ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, খাদ্য সচিব, স্বাস্থ্য সচিব, শিল্প সচিব, আইন সচিব, বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউটের (বিএসটিআই) ব্যবস্থাপনা পরিচালক, বিএসটিআইর পরিচালক, পুলিশের আইজি, র্যাব মহাপরিচালক ও ডিএমপি কমিশনারকে এতে বিবাদী করা হয়েছে।