মোদীর মন্ত্রিসভা হতে পারে ৫০ সদস্যের
অঞ্জন রায় চৌধুরী, নয়াদিল্লি
প্রকাশ : ২১ মে ২০১৪, ২৩:৪৯
ভারতে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভা গত কংগ্রেস সরকারের চেয়ে ছোট আকারের হতে পারে। মন্ত্রিসভার সদস্য সংখ্যা ৫০ হতে পারে। কংগ্রেস সরকারের মন্ত্রিসভা ছিল ৭২ সদস্যের। আগামী ২৬ মে শপথ নিবেন নরেন্দ্র মোদী। মোদী আমলা এবং বিশেষজ্ঞদের সঙ্গে মন্ত্রিসভা কিভাবে ছোট এবং একই সঙ্গে দক্ষ করা যায় সেই বিষয়ে আলোচনা করছেন। সরকারি কর্মকর্তারা ইত্তেফাককে এ তথ্য জানিয়েছেন। গুজরাটেও মোদীর ছোট মন্ত্রিসভা ছিল এবং তিনি মুখ্যমন্ত্রীর অফিস থেকে নিয়ন্ত্রণ করতেন। মোদীর মন্ত্রিসভায় ২০ জন মন্ত্রী থাকতে পারে। প্রতিমন্ত্রী দিয়ে সর্বমোট ৫০ সদস্যের হতে পারে। আলোচনা চলছে, রেলওয়েকে পরিবহন এবং জাহাজ মন্ত্রণালয়ের সঙ্গে একীভূত করতে পারেন তিনি। এছাড়া পররাষ্ট্রমন্ত্রণালয়ের সঙ্গে বাণিজ্য মন্ত্রণালয়, পল্লী উন্নয়নকে পঞ্চায়েত রাজ, ট্যুরিজম মন্ত্রণালয়কে সংস্কৃতি ও বেসামরিক বিমান মন্ত্রণালয়ের সঙ্গে একীভূত করতে পারেন। বিদ্যুত্ ও জ্বালানি মন্ত্রণালয়কে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রণালয়ের সঙ্গে মিলিয়ে ফেলা হতে পারে। আভ্যন্তরীণ নিরাপত্তাকে স্বরাষ্ট্রমন্ত্রণালয় থেকে পৃথক করারও সম্ভাবনা রয়েছে। আভ্যন্তরীণ নিরাপত্তার মধ্যে গোয়েন্দা ব্যুরো, নক্সাল ও সন্ত্রাসবিরোধী অভিযান, জম্মু অ্যান্ড কাশ্মীর এবং পুলিশের আধুনিকায়নের বিষয়গুলো প্রধানমন্ত্রী অফিস থেকে দেখভাল করা হতে পারে। এছাড়া অন্য একটি বিকল্পও খোঁজা হচ্ছে। তাহলো স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে একটি আলাদা প্রতিমন্ত্রীর অফিস খুলে বিষয়গুলো সেখান থেকে নিয়ন্ত্রণ করতে পারেন। তিনি অবকাঠামো খাতের উন্নয়নে টেকনোক্র্যাটদের সহায়তা নেয়ার চেষ্টা করছেন। বিজেপি স্বরাষ্ট্র, পররাষ্ট্র, প্রতিরক্ষা এবং অর্থমন্ত্রণালয়ের দায়িত্ব নিজ দলের আয়ত্তে রাখতে চায়। এইগুলো বাদে অন্য মন্ত্রণালয়ের কয়েকটি মিত্রদের দিতে পারে দলটি। বিজেপি নেতা অরুণ জেটলি অর্থমন্ত্রী, মুরলি মনোহর জোশি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন।