মেহেরপুরে বৃষ্টির জন্য আল্লাহর দরবারে সকরুণ প্রার্থনা
প্রকাশ : ২১ মে ২০১৪, ২৩:৫১
প্রচণ্ড খরা থেকে পরিত্রাণ পেতে মেহেরপুরে ইস্তেসকার নামাজের পর এবার জেলা , উপজেলা ও গ্রামগঞ্জের পাড়া-মহল্লায় আল্লাহর দরবারে ফরিয়াদ জানিয়ে মা-বোন,শিশু-কিশোর- কিশোরীরা কাদা মেখে ফিরছেন। কোথাও হাঁপররা গর্ত কেটে পানি দিয়ে পা নাচিয়ে সুরে সুরে কেঁদে ঝাপড় গান গেয়ে অথবা মাটির রাস্তায় গড়িয়ে আসমানি বৃষ্টি চাচ্ছে তারা।
গতকাল বুধবার এ চিত্র দেখা যায় শহরের হোটেলপাড়া, মল্লিকপাড়া, বামনপাড়া, বন্দর রাজাপুর, গাংনীর ধানখোলা এবং মুজিবনগরের আনন্দবাসসহ বিভিন্নস্থানে। নারী-পুরুষ-শিশু ও কিশোর-কিশোরীসহ সব বয়সের মানুষ কাদা মেখে ‘আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দেরে” বলে সমস্বরে ফরিয়াদ জানাচ্ছেন। বৈশাখ পেরিয়ে জ্যৈষ্ঠের ১ম সপ্তাহ পার হতে চললেও মেহেরপুরের আকাশে কোথাও মেঘের আনাগোনা নেই। প্রচণ্ড রোদের কারণে মাঠ-ঘাট- জমি শুকিয়ে চৌচির হয়ে পড়েছে। গাছপালা পর্যন্ত শুকিয়ে যেতে শুরু করেছে্ । মেহেরপুরে ভূ-গর্ভস্থ পানির স্তর নেমে গেছে। আবাদি মাঠের সেচযন্ত্রগুলো দিয়ে পানি খুবই কম উঠছে। শত শত নলকূপে পানি উঠছে না। খাবার পানির সংকট দেখা দিয়েছে। প্রচণ্ড তাপদাহে দিনের বেলায় পিচের সড়কে পিচ গলতে শুরু করেছে। এর আগে মেহেরপুর পৌর ইমাম সমিতির উদ্যোগে মেহেরপুর সরকারি কলেজ মাঠে প্রখর রোদ উপেক্ষা করে শত শত মুসল্লী দুই রাকাত বিশেষ নামাজ আদায় করেন।