চট্টগ্রামে অর্থ আত্মসাত মামলায় কোরীয় নাগরিক কারাগারে
প্রকাশ : ২১ মে ২০১৪, ২৩:৫১
তিন লাখ মার্কিন ডলার আত্মসাতের অভিযোগে দায়ের হওয়া মামলায় আদালতে আত্মসমর্পণকারী এক দক্ষিণ কোরীয় নাগরিককে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে চট্টগ্রাম আদালত। অভিযুক্ত ব্যক্তির নাম সিয়ং চু থিম। একই মামলার অপর আসামি জুন থেই কিম নামের আরেক কোরীয় নাগরিককে আদালত জামিন দিয়েছে। গতকাল বুধবার চট্টগ্রাম মহানগর হাকিম আহমেদ সাঈদ এ আদেশ দেন। মামলার অভিযুক্ত অপর দুই আসামি পলাতক রয়েছে। এর আগে অভিযুক্ত ব্যক্তিদের জামিনের আবেদন আদালত না-মঞ্জুর করেন।
আদালত সূত্র জানায়, চট্টগ্রাম ইপিজেডের নূরানী এক্সেসরিজ লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের শেয়ার কিনে দেয়ার কথা বলে বাংলাদেশে বসবাসরত দক্ষিণ কোরিয়ার চারজন নাগরিক চৈ খং জোন নামে হংকংয়ের এক শিল্পপতির কাছ থেকে তিন লাখ মার্কিন ডলার নেন। হংকং থেকে পাঠানো এ টাকা তখন ব্যাংক এশিয়ার ইপিজেড শাখা থেকে উত্তোলন করা হয়। তবে শেয়ার কিনে দেয়ার কথা বলে অভিযুক্ত ব্যক্তিরা সময় ক্ষেপণ করতে থাকেন। এ বিষয়ে কয়েক দফা তাগাদা দেয়ার পরও বাদী কোনো সদুত্তর পাননি। পরবর্তীতে গত ৩০ এপ্রিল তিনি বাংলাদেশে তার প্রতিনিধির মাধ্যমে চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিমের আদালতে একটি মামলা দায়ের করেন।