কালো মেয়ের গান
প্রকাশ : ২২ মে ২০১৪, ১৯:৫৬
প্রথম, তুমি প্রথম এসেছিলে
আবার কেন সামনে এলে তুমি?
প্রথম, তুমি হলুদ পাতার মতো
ঝরেছিলে—হলুদ বনভূমি;
প্রথম, তুমি প্রথম বারান্দাতে
মোহন বাঁশি, বুকে জমাট শ্বাস।
প্রথম, তুমি প্রথম এসেছিলে
নীলাভ চিঠি, সবুজ সর্বনাশ।
ওড়না ছিল রোদ্দুরে লাল ঘোড়া,
উড়ছিল তার কেশর ভরা গতি,
লুকনো ফুলের চিবুকে একতোড়া
আগুন ছিল, পাহাড়সমান ক্ষতি।
আগুন আমার লাগছিল যে ভালো
আঁচে আমার মুখ পুড়ে যায়, যাক
যে এসেছে আসুক, তার দুহাতে
আমার সকল রঙিন হয়ে থাক।
বাঁকা সিঁড়ি, রেলিং ধরে নামি,
ত্রস্ত, কাঁপা দুইটি করুণ মুখ,
নামতে গিয়ে একটি নিমেষ থামি;
বাঁশির সুরে চমকে ওঠা বুক।
গুমোট ঘরে একটি চড়ুই ডাকে,
দেয়াল জুড়ে বিক্ষত সব লেখা;
জানি না কোন স্বপ্নে পেলাম তাকে
মিলিয়ে গেল তার সে চরণরেখা।
প্রথম, তুমি প্রথম এসেছিলে
রঙিন ছিল, রঙিন ছিল সব,
প্রথম, তুমি প্রথম ভেঙেছিলে
ঝড়ের টানে পাখির কলরব।
প্রথম, তুমি আবার কেন এলে,
আবার কেন রোদ্দুরে টান মারো;
প্রথম, তুমি ঝড়ের অভিসারে,
জানো না কি, আগুন বড়ো গাঢ়!
প্রথম, তবু প্রথম সে তো নয়;
আবার কেন প্রথম প্রথম লাগে!
অবাক প্রেম টগবগিয়ে ফোটে,
যেমন ছিল বছর কুড়ি আগে।