মাদকাসক্ত পুত্রকে পুলিশে দিলেন বাবা মা

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় মাদকাসক্ত পুত্রের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পুলিশে দিয়েছেন বাবা-মা। বৃহস্পতিবার সকালে উপজেলা সদর কাশিমপুর গ্রামে এ ঘটনা ঘটে। নবাবগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক মো. আনিছ জানান, উপজেলা সদর কাশিমপুর গ্রামের মো. শাহজাহান (২৫) ৪/৫ বছর যাবত্ মাদক বিক্রি ও সেবন করে আসছিল। সম্প্রতি সে মাদক ব্যবসা বৃদ্ধি করতে টাকার জন্য বাবা ইউনূছ আলী ও মা নূরজাহান বেগমকে চাপ দিয়ে আসছিল। এরমধ্যে বিভিন্ন সময়ে সে বাবা-মায়ের উপর চড়াও হয়। বৃহস্পতিবার সকালে টাকার দাবিতে বাড়ি-ঘর ভাংচুর করে। ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে বাবা-মা থানা পুলিশে অভিযোগ করেন। অভিযোগ পেয়ে সকাল ১০টায় থানা পুলিশ তাকে গ্রেফতার করেন। সকালেই তাকে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শহিদ উল্লাহর ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালত তাকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।