অটো রাইসমিল ও ইটভাটা বন্ধের দাবিতে গোমস্তাপুরে মানববন্ধন
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ : ২২ মে ২০১৪, ২১:১৫
চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌর এলাকার বহিপাড়া মহল্লায় গড়ে উঠা মবিন অটো রাইসমিল ও শাপলা ইটভাটার বিষাক্ত ধোঁয়া, ছাই ও বর্জ্যের কারণে ক্ষতিগ্রস্ত আমবাগান মালিক ও আম চাষিরা ইউএনও’র কার্যালয়ের সামনে মানববন্ধন করেছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে আয়োজিত মানববন্ধনে অংশ নেয়া আম চাষিরা তাদের ক্ষতিগ্রস্ত আম নিয়ে হাজির হয়। তারা অভিযোগ করেন, রহনপুর পৌর এলাকার ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের আবাসিক এলাকায় বিধিবহির্ভূতভাবে কয়েকটি অটো রাইসমিল ও ইটভাটা স্থাপিত হয়েছে। এর ফলে ওই মিল ও ইটভাটার বিষাক্ত ধোঁয়া, ছাই ও বর্জ্যের কারণে সম্প্রতি ওই ওয়ার্ড ৩টির বিভিন্ন এলাকার আম বাগানগুলোতে আমফলে কালো আগা বা ব্ল্যাকটিপ রোগ দেখা দিয়েছে। ক্ষতিগ্রস্ত আম চাষিরা বিষয়টি নিয়ে স্থানীয় কৃষি বিভাগের শরণাপন্ন হলে কৃষি বিভাগ ব্ল্যাকটিপ রোগে আক্রান্ত আমগুলো চাঁপাইনবাবগঞ্জস্থ আম গবেষণা কেন্দ্রে পাঠালে তারা আমফলে ব্ল্যাকটিপের অস্তিত্ব খুঁজে পায় এবং ইটভাটা আমবাগান থেকে কমপক্ষে ২ কিলোমিটার দূরে স্থাপনের ও ইটভাটার চিমনি কমপক্ষে ৩৮ মিটার উঁচু করার পরামর্শ প্রদান করে। মানববন্ধন শেষে উপজেলার বিভিন্ন আবাসিক এলাকায় গড়ে উঠা এ ধরনের মিল-কারখানা ও ইটভাটা অবিলম্বে বন্ধ বা স্থানান্তর করে পরিবেশ বিপর্যয়ের হাত থেকে এলাকার জনসাধারণ ও ফসল রক্ষার্থে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পরিবেশ অধিদপ্তর, বগুড়াকে স্মারকলিপি প্রদান করে।