তাহিরপুরে ৪০ দিনের কর্মসূচির টাকা আত্মসাতের অভিযোগ

তাহিরপুরে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে প্রণীত ৪০ দিন কর্মসূচির মাঠ পর্যায়ে কোন কাজ না করে ব্যাংক কর্মকর্তাদের সহযোগিতায় মজুরির টাকা আত্মসাতের অভিযোগে উঠেছে প্রকল্পের সভাপতি ইউপি সদস্যদের বিরুদ্ধে। ২০১৩-১৪ অর্থ বছরে তাহিরপুর উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের বিভিন্ন রাস্তাঘাট ও শিক্ষা প্রতিষ্ঠানে মাটি ভরাটের ৪০ দিন কর্মসূচির আওতায় প্রকল্প অনুমোদন করে হতদরিদ্র মহিলা শ্রমিকদের মাধ্যমে কাজ করানোর নির্দেশ রয়েছে। এ ছাড়া প্রতি শ্রমিকের ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ১৭৫ টাকা দৈনিক হাজিরার মাধমে মজুরির টাকা উত্তোলনের নির্দেশনা রয়েছে। উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নে চলতি অর্থবছরে মহজমপুর উচ্চ বিদ্যালয়ে মাঠি ভরাট, লামাগাঁও মাদ্রাসার উত্তর পাশে মাটি ভরাট, পাঠাবুকা সিবিআরএমপি রাস্তা হতে পাঠাবুকা সরকারি প্রাথমিক বিদ্যালয় রাস্তা মেরামত, শ্রীপুর পূর্বপাড়া মসজিদের রাস্তা হতে পুরানপাড়া রাস্তা হয়ে সামছুদ্দিনের জমি পর্যন্ত রাস্তা মেরামতসহ ৪টি প্রকল্প কাজের তালিকা উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসে কাগজপত্রে থাকলেও মাঠ পর্যায়ে এ সমস্ত প্রকল্পের কাজ হচ্ছে না। মহজমপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিছবাহুল আলম বলেন, মহজমপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ৪০ দিন কর্মসূচির আওতায় মাটি ভরাট কার্যক্রম আমার জানা নেই। লামাগাঁও গ্রামের বাসিন্দা গোলাম কিবরিয়া বলেন, লামাগাঁও মাদ্রাসার উত্তর পাশে মাটি ভরাটের কোন কাজ করতে দেখা যায়নি। ইউপি সদস্য মিয়া হোসেন বলেন, ৪০ দিনের প্রকল্পে শ্রমিক সংকটের কারণে প্রকল্প এলাকায় কোন শ্রমিক কাজ করেনি। তাহিরপুর কৃষি ব্যাংক শাখা ব্যাবস্থাপক মো. মুস্তাফিজুর রহমান বলেন, আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সত্য নয়।প্রকল্প কাজের তদারকি কর্মকর্তা প্লাবন পাল বলেন, নির্মাণ কাজের অনিয়মের বিষয়ে সত্যতা পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।