পৃথক দুর্ঘটনায় নিহত ১৩ জন

বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনাসহ পৃথক দুর্ঘটনায় ১৩ জন মারা যাওয়ার খবর পাঠিয়েছেন ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতারা। কালিয়াকৈরে ট্রাক চাপায় পুলিশ সদস্য নিহত গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্র ত্রিমোড় এলাকায় গতকাল বৃহস্পতিবার সকালে ট্রাক চাপায় সালামত হোসেন (৪৫) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, কর্তব্য পালনকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে টাঙ্গাইলগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই তিনি মারা যান। আমতলীতে দুইজন নিহত আমতলী-পটুয়াখালী সড়কের কালিবাড়ি এলাকায় গতকাল বৃহস্পতিবার বিকাল ৩টায় গাড়ি চাপায় দুইজন নিহত ও একজন আহত হয়েছেন। নিহতরা হলেন, দুলাল (৪৫) ও বরগুনার অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর হোসেন (৩৫)। আহত রশিদকে বরিশাল মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গাড়িসহ চালক মেহেদি হাসানকে আমতলী থানার পুলিশ আটক করেছে। জগন্নাথপুর ও দক্ষিণ সুনামগঞ্জে শিশুসহ ২ জনের মৃত্যু জগন্নাথপুর ও দক্ষিণ সুনামগঞ্জে পৃথক দুটি ঘটনায় শিশুসহ ২ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন। নিহতরা হলেন— জগন্নাথপুর ভবের বাজার সড়কের মনাই মিয়া ভাংতি এলাকায় বুধবার সন্ধ্যায় মোটর সাইকেল চাপা লিজা আক্তার (৭) নামে এক স্কুল ছাত্রী ও দক্ষিণ সুনামগঞ্জের নোয়াগাঁও গ্রামে একই দিন একই সময়ে বিদ্যুত্স্পৃষ্টে নূর উদ্দিন (৩০) নামে এক ব্যক্তি মারা যান। আহতরা হলেন— শাকিল, রিপন ও মাহবুব। আহতদের সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দাউদকান্দিতে দুই সহোদরের মৃত্যু দাউদকান্দি উপজেলার কুতুবপুর গ্রামে গতকাল বৃহস্পতিবার পুকুরে ডুবে রিফাত (৭) ও রাব্বি (৬) নামে দুই সহোদর মারা গেছে। পাকা ঘাটে পানি নিয়ে খেলা করতে গিয়ে ছোট ভাই রাব্বি ঘাট থেকে পড়ে যায়। বড় ভাই রিফাত তাকে উদ্ধার করতে গিয়ে সাঁতার না জানায় দুই ভাই মারা যায়। রামুতে ২ বোনের লাশ উদ্ধার কক্সবাজারের রামু উপজেলার বাঁকখালীতে নিখোঁজ দুই ছাত্রীর লাশ গতকাল বৃহস্পতিবার সকালে উদ্ধার করেছে কক্সবাজার ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিহতেরা হচ্ছে— নার্গিস আক্তার (১১) ও আনিসা (৯)। নার্গিস রিয়াজুস ছালেহা বালিকা মাদ্রাসার চতুর্থ শ্রেণীর ও আনিসা কাউয়ারখোপ বালিকা মাদ্রাসার তৃতীয় শ্রেণীর ছাত্রী। তারা গত বুধবার ২টায় বাঁকখালী নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। নাগরপুরে শিক্ষক নিহত টাঙ্গাইলের নাগরপুরে সড়ক দুর্ঘটনায় গতকাল বৃহস্পতিবার সকালে আব্দুস সাত্তার (৭০) নামে এক শিক্ষক মারা গেছেন। বাড়ি থেকে নাগরপুর সদরে যাবার পথে পালগুনী সিনেমা হলের সামনে অটোরিকশা থেকে পড়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। দোহারে মোটর সাইকেল আরোহীর মৃত্যু ঢাকার দোহার উপজেলায় বাস ও মোটর সাইকেল সংঘর্ষে গত বুধবার সন্ধ্যায় বিথী আক্তার (২২) নামে এক গৃহবধূ মারা গেছেন। এ সময় নিহতের স্বামী মো. মিজান ও চার বছরের এক শিশু আহত হয়। স্থানীয় ও পুলিশ জানায়, স্ত্রী সন্তান নিয়ে মোটর সাইকেল আরোহী মিজান জয়পাড়া যাওয়ার পথে কাজীর চর মোড়ে রাস্তায় পাথরের টুকরোয় মোটর সাইকেল পিছলে যায়। এ সময় নগর পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিথী আক্তারকে চাপায়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন। নবাবগঞ্জে বিদ্যুত্ শ্রমিকের মৃত্যু ঢাকার নবাবগঞ্জ উপজেলায় গত বুধবার সন্ধ্যায় বিদ্যুত্স্পৃষ্টে মাসুদ (২৫) নামে এক বিদ্যুত্ শ্রমিক মারা গেছেন। পল্লী বিদ্যুত্ অফিস সূত্রে জানা যায়, বান্দুরা এলাকায় বিদ্যুতের সংযোগ বন্ধ করে মূল লাইনে সংস্কার কাজ চলছিল। কাজ শেষে খুঁটি বেয়ে নামার সময় বিদ্যুত্ চলে আসায় বিদ্যুতায়িত হয়ে সে মারা যায়। দৌলতপুরে স্পিরিট পানে গরু ব্যবসায়ীর মৃত্যু কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাহেরমাদি শান্তিনগর গ্রামে স্পিরিট পানে হাফিজুল বক্স (৩৫) নামে এক গরু ব্যবসায়ী মারা গেছেন। নিহতের স্বজন ও এলাকাবাসী জানান, গত মঙ্গলবার রাতে হাফিজুল বক্স ও তার চার বন্ধু মিলে স্পিরিট পান করে। এ সময় হাফিজুল বক্স অসুস্থ হয়ে পড়লে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।