অপহরণ নাটক সাজিয়ে ফেঁসে গেল এক যুবক

অপহরণ নাটক সাজিয়ে পরিবারের কাছ থেকে টাকা আদায় করতে গিয়ে মাসুম (৩০) নামে এক যুবক নিজেই ফেঁসে গেছে। ডিবি পুলিশ মাসুমকে গতকাল বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তার করেছে। মাসুম ঝিনাইদহ শহরের হামদহ খোন্দাকারপাড়ার মোতালেব মিয়ার ছেলে। ঝিনাইদহের পুলিশ সুপার আলতাফ হোসেন জানান, ডিবি পুলিশ মাসুমকে অপহরণ করে মুক্তিপণ হিসাবে এক লাখ ৭৪ হাজার টাকা দাবি করছে বলে নাটক সাজিয়ে মাসুম তার পরিবারকে জানায়। টাকা না দিলে তাকে ক্রসফায়ারে হত্যা করা হবে এমন কথাও সে পরিবারকে জানিয়ে মোবাইলে কান্নাকাটি করার অভিনয় করতে থাকে। অপহরণের কথা শুনে মাসুমের পরিবার উদ্বিগ্ন হয়ে বৃহস্পতিবার সকালে ডিবি পুলিশের কাছে ফোন করে বিষয়টি জানতে চায়। ডিবি পুলিশ মাসুম নামে কাউকে আটক করেনি বলে জানিয়ে মাসুমের মোবাইল ফোন ট্রাকিং করে। পুলিশ সুপার আরো জানান, মোবাইল ট্রাকিং করে ডিবি পুলিশ দুপুর ১২টার দিকে আত্মগোপনে থাকা মাসুমকে ঝিনাইদহ শহরের হামদহ এলাকা থেকে আটক করে। জিজ্ঞাসাবাদে মাসুম স্বীকার করে তার বড় তার ভাই সৌদি প্রবাসি ইসরাইল হোসেনের কাছ থেকে টাকা আদায়ের জন্য সে নিজেই অপরহণ নাটক সাজিয়েছিল। ঝিনাইদহ সদর থানায় এ ব্যাপারে একটি প্রতারণা মামলা হয়েছে।