এবারে আনন্দমেলা নিয়ে আনজাম
প্রকাশ : ২২ মে ২০১৪, ২১:২১
বিটিভির ঈদ ‘আনন্দমেলা’য় দীর্ঘদিন তেমন জৌলুস না থাকলেও বছর কয়েক আগে আনজাম মাসুদের নির্দেশনায় ‘আনন্দমেলা’ দর্শকদের বিরক্তি থেকে কিছুটা রেহাই দিয়েছিল। সেই সাফল্যের সূত্র ধরেই এবারের ‘আনন্দমেলা’ গ্রন্থনা ও উপস্থপনা করছেন আনজাম মাসুদ। বিটিভির ঐতিহ্যবাহী ঈদ অনুষ্ঠানমালার ভেতরে অন্যতম এই অনুষ্ঠানটির প্রতি দর্শক চাহিদার চাপ থাকে সবচেয়ে বেশি। সেই গুরুদায়িত্বই নিলেন এবারে এই উপস্থাপক-নির্মাতা। মাত্র কিছুদিন আগে বলেছিলেন আপাতত টিভি স্ক্রিনে মুখ দেখাবেন না। অতঃপর ‘আনন্দমেলা’ অনুষ্ঠানের মতো জনপ্রিয় অনুষ্ঠানের ভেতর দিয়ে আবারও ফিরছেন। এমনিতে এখন আনজাম মাসুদকে বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলে অনুষ্ঠানের মিটিংয়ের চেয়ে বিভিণ্ন কর্পোরেট হাউজগুলোতে বিজ্ঞাপন তৈরির মিটিংয়েই বেশি দেখা যায়। কারণ তিনি প্রফেশনালি সেই পরিচয়েই স্বাচ্ছন্দ্য বোধ করেন।
এদিকে এবারের আনন্দমেলা প্রসঙ্গে আনজাম মাসুদ বলেন, ‘এখনও চূড়ান্ত কোনো কিছু হয়নি। তবে মৌখিকভাবে এটা বলা হয়েছে। আমিও মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছি। আশা করছি দর্শকদের ভালো কিছু উপহার দিতে পারব।’