নাইজেরিয়ার ছাত্রীদের উদ্ধারে চাদে সেনা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র

নাইজেরিয়ায় অপহূত স্কুল ছাত্রীদের উদ্ধারে একটি ড্রোন মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। একই সাথে চাদে ৮০ জন সেনাকে পাঠিয়েছে দেশটি। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বুধবার জানানো হয়েছে, অপহূত স্কুল ছাত্রীদের খুঁজে বের করতে এই সেনারা অভিযান পরিচালনাকারী দলকে সাহায্য করবে। নাইজেরিয়ার পার্শ্ববর্তী দেশ চাঁদে অভিযান পরিচালনা করছে উদ্ধারকারী দল। —টাইমস অব ইন্ডিয়া মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা কংগ্রেসকে জানান, অপহূত মেয়েদের খুঁজে না পাওয়া পর্যন্ত তারা চাঁদে অবস্থান করবে। তবে যে ড্রোন মোতায়েন করা হয়েছে সে সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি তিনি। নাম প্রকাশ না করার শর্তে এক মার্কিন নিরাপত্তা কর্মকর্তা বলেন, উদ্ধারকারী দলের সাথে একটি অস্ত্রবিহীন ড্রোন অনুসন্ধানের কাজ করছে। গত মাসের ১৪ তারিখ নাইজেরিয়ার উত্তরাঞ্চলের চিবুক শহরের একটি স্কুলের হোস্টেল থেকে বোকো হারামের সদস্যরা দুই শতাধিক স্কুল ছাত্রীকে অপহরণ করে। অপহরণের পর নাইজেরিয়াসহ আন্তর্জাতিক মহল তাদের উদ্ধারের জন্য তত্পর না হলেও সামাজিক মাধ্যমে আন্দোলনের ফলে নড়েচড়ে ওঠে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ব্রিটেনসহ কয়েকটি দেশ।