সংবাদ কণিকা
প্রকাশ : ২২ মে ২০১৪, ২১:৩৮
লক্ষ্য বাড়ায় আয়ু
সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, উদ্দেশ্য ও লক্ষ্যহীন মানুষের তুলনায় জীবনে লক্ষ্য, উদ্দেশ্য রয়েছে এমন মানুষ দীর্ঘায়ুর অধিকারী হন। গবেষকরা জানিয়েছেন, তাদের গবেষণার ফলাফল অনুসারে জীবনের লক্ষ্য নির্ধারণের মাধ্যমে প্রবীণ বয়সেও সুস্বাস্থ্যের অধিকারী হওয়া সম্ভব। গবেষণাদলের প্রধান কানাডার কার্লেটন ইউনিভার্সিটির ডক্টর প্যাট্রিক হিল বলেন, “জীবনে নির্দেশনা খুঁজে পাওয়া ও আকর্ষণীয় উদ্দেশ্য নির্ধারণ করার মাধ্যমে প্রকৃত অর্থেই দীর্ঘদিন বেঁচে থাকা সম্ভব।” —রয়টার্স
তাইওয়ানে ভূমিকম্প, ৩ স্কুল ছাত্র আহত
তাইওয়ানে বুধবার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে রাজধানীর বিভিন্ন ভবন কেঁপে ওঠে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৯। ভূমিকম্পে স্কুল পড়ুয়া তিন নিহত আহত হয়েছে। স্থানীয় সময় সকাল ৮টা ২১ মিনিটে আঘাতহানা এ ভূমিকম্পের উত্পত্তিস্থল ছিল পূর্বাঞ্চলীয় হুয়ালিয়েন নগরীর ৩৩ দশমিক ৩ (২১ মাইল) কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ভূ-পৃষ্ঠের ১৮ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের ফলে ভূমিধসের সৃষ্টি হয়ে পার্বত্য এলাকার চারটি মহাসড়কের যান চলাচলে বিঘ্ন সৃষ্টি করে। —এএফপি
টিনএজদের মোবাইল ব্যবহার নিয়ে গবেষণা
মোবাইল ফোন বা অন্য কোন ওয়্যারলেস প্রযুক্তি ব্যবহারে ১৩ থেকে ১৯ বছরের ছেলে-মেয়েদের মস্তিষ্ক বিকাশে সমস্যা হয় কিনা তা নিয়ে এবার গবেষণা শুরু করছেন ব্রিটিশ বিজ্ঞানীরা। এ বিষয়ে এ পর্যন্ত করা সবচেয়ে বড় গবেষণা হতে যাচ্ছে এটি। দুই বছর ধরে ১১-১২ বছর বয়সি প্রায় আড়াই হাজার স্কুলগামী কিশোর-কিশোরী ও তাদের বাবা-মার উপর এই জরিপ চালানো হবে। লন্ডনের ইমপিরিয়াল কলেজের সেন্টার ফর এনভায়রনমেন্ট অ্যান্ড হেল্থ এই গবেষণাটি পরিচালনা করবে। —এপি