এবার কোপাতেও হার

তবুও কোচে আস্থা বার্সার

স্পোর্টস ডেস্ক

বার্সেলোনার সামনে ছিল টানা পঞ্চম কোপা দেল রে শিরোপা জয়ের হাতছানি। সেই ফাইনালে ভ্যালেন্সিয়ার কাছে ২-১ গোলে হেরেছে কোচ আর্নেস্তো ভালভার্দের দল। তবে এমন হারের পরেও স্প্যানিশ এই কোচের উপরই ভরসা রাখছে বার্সেলোনা কর্তৃপক্ষ।

ভ্যালেন্সিয়া শনিবার রাতের এ ফাইনালে ২১তম মিনিটে ফরোয়ার্ড কেভিন গ্যামেইরোর গোলে এগিয়ে যায়। বার্সেলোনার দুর্দশা আরো বাড়ে ৩৩তম মিনিটে রদ্রিগো মোরেনোর গোলে। ফলে ১৯৫২ সালের পর প্রথম বারের মতো কোনো কাপ ফাইনালের প্রথমার্ধে দুই গোলে পিছিয়ে পড়ে কাতালানরা। কাকতালীয়ভাবে সেবারও প্রতিপক্ষ ছিল ভ্যালেন্সিয়াই।

সেই ফাইনালে শেষে ৪-২ গোলের জয়ই হয়তো আশা দেখাচ্ছিল লিওনেল মেসির দলকে। দ্বিতীয়ার্ধে মেসির গোলে ব্যবধান কমালেও সমতায় আর ফেরা হয়নি কাতালানদের। ফলে ছয় বছর পর কোপা দেল রের ফাইনালে হারের বিস্বাদ নেয় ভালভার্দের শিষ্যরা। এগারো বছর পর আবারো কোনো শিরোপার আনন্দে মাতে ভ্যালেন্সিয়া।

সপ্তাহ তিনেক আগে ইতিহাসের প্রথম দল হিসেবে সম্ভাব্য তিনটি শিরোপাই জেতার পথে থাকা বার্সেলোনার মৌসুম শেষ হয় কেবল লা লিগা ট্রফি নিয়ে। এমন এক মৌসুমকে ‘ভালো’ বললেও ডিফেন্ডার জেরার্ড পিকে জানালেন আরো ভালো করার সুযোগ ছিল তাদের।

বার্সা ডিফেন্ডার বলেন, ‘এটা ভালো একটা বছর ছিল। কারণ আমরা লিগ জিততে সক্ষম হয়েছিলাম কিন্তু কয়েক সপ্তাহ আগে যে প্রত্যাশা করেছিলাম আমরা তা পূরণ করতে পারলে আরো ভালো হতো। ফলে আমরা মৌসুমটা অম্লমধুর অভিজ্ঞতা নিয়েই শেষ করছি।’

লিভারপুলের কাছে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে লজ্জাজনক হারের পর থেকেই কোচ ভালভার্দেকে নিয়ে প্রশ্নের বাণে বিদ্ধ হচ্ছিল বার্সা। স্প্যানিশ কাপের ফাইনালে হারের পর তা আরো ভারী হলেও শিষ্য ও ক্লাব সভাপতিকে পাশেই পাচ্ছেন বার্সা কোচ।

পিকে বলেন, ‘কোচের ভবিষ্যত্ আমাদের ভাবায় না, আমাদের ব্যক্তিগত ও সমষ্টিগত বিশ্লেষণ করতে হবে। আমরা আগেই বলেছি কোচ তার পদে বহাল থাকুন এটাই আমরা চাই। কিন্তু এটা এমন এক সিদ্ধান্ত যা আমাদের হাতে নেই।’

ভালভার্দের অধীনে টানা দুই মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিয়েছে বার্সা। তাদের বিখ্যাত আক্রমণাত্মক ফুটবলের দর্শন থেকেও সরে এসেছে এই সময়ে। তবুও বার্সা সভাপতি হোসে মারিয়া বার্তোমিউ জানালেন সাবেক অ্যাথলেটিক বিলবাও কোচের উপর ভরসা আছে তার। তিনি বলেন, ‘আমরা সবসময়ই বলেছি আগামী মৌসুমের শেষ পর্যন্ত দলের সঙ্গে চুক্তি আছে তার।’

আক্রমণভাগে লুই সুয়ারেজের অনুপস্থিতিতে মেসিকে প্রধান ফরোয়ার্ড হিসেবে খেলিয়ে ডান প্রান্তে ডিফেন্ডার সার্জি রবার্তোকে রেখেছিলেন ভালভার্দে। এমন কৌশলের জন্য সংবাদ সম্মেলনে প্রশ্নবিদ্ধ হলেও বার্তোমিউ মনে করেন এই হারের জন্য মোটেও দায়ী নন কোচ। তিনি বলেন, ‘আমি মনে করি না তার কোনো দোষ আছে। আমরা সুযোগ সৃষ্টি করেছিলাম কিন্তু জালের দেখা পাইনি। ভ্যালেন্সিয়া আমাদের চেয়ে একটা গোল বেশি করেছিল।’

ভালভার্দে জানালেন বার্সা ডাগআউটে লড়াই চালিয়ে যাবেন তিনি। স্প্যানিশ কোচ বলেন, ‘আমি ভালোই অনুভব করছি, কিন্তু জিতলে আরো বেশি খুশি হতাম। ১৫ দিন আগের হারটি থেকে এই হারের প্রেক্ষাপট ভিন্ন ছিল। কিন্তু বাস্তবতা হচ্ছে আমরা আরেকটি হারের কবলে পড়েছি। আমরা যে প্রত্যাশা সৃষ্টি করেছিলাম তা পূরণ করতে পারিনি। আমরা ট্রেবলের কথা চিন্তা করছিলাম কিন্তু মোক্ষম সময়ে আমরা পথ হারিয়েছি।’

তিনি আরো বলেন, ‘আমি ভালো আছি। আমরা কোচেরা সবসময়ই একটা ফিরতি লড়াই চাই। পরবর্তী পরীক্ষার জন্য লড়াই চালিয়ে যেতে চাই আমি।’