বগুড়ায় গুলি করে যুবক হত্যা
প্রকাশ : ২২ মে ২০১৪, ২২:৪৪
বগুড়ায় ফরহাদ হোসেন শিপলু (৩২) নামের এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত শিপলু শহরের মালতিনগর এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে। বৃহস্পতিবার দুপুরে একটি প্রাইভেট কারে করে দুই ব্যক্তি তার গুলিবিদ্ধ লাশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালের বারান্দায় ফেলে রেখে যায়। পরে পুলিশ সেখান থেকে লাশটি উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ বগুড়া-২ আসনের সংসদ সদস্যের শ্যালক ইউপি চেয়ারম্যান রিজুকে আটক করেছে। রিজুকে আটকের প্রতিবাদে বগুড়া-রংপুর মহাসড়ক অবরোধ করে তার সমর্থকরা। পরে পুলিশ তাদের হটিয়ে দেয়। এঘটনায় শান্ত (৩০) নামের আরেক যুবককে আটক করেছে পুলিশ।
নিহত শিপলুর ভাগ্নে ঝিনুক জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে একটি মোবাইল থেকে ফোন পেয়ে বেরিয়ে যান শিপলু। এরপর বাড়ি থেকে দুপুরে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করে মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরে লোকমুখে তারা হাসপাতালে শিপলুর মৃতদেহ পড়ে থাকার খবর পান। নিহত শিপলু শহরতলীর ভাটকান্দিতে লোহার গ্রিলের কাজ করতেন।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফায়জুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, কে বা কারা শিপলুকে গুলি করেছে সে ব্যাপারে অনুসন্ধান চলছে। সেইসাথে যারা শিপলুকে হাসপাতালে ফেলে রেখে গেছে তাদেরকেও খোঁজা হচ্ছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে । বগুড়ার পুলিশ সুপার জানান, রিজুর বাড়িতেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে রিজু প্রাথমিকভাবে স্বীকার করেছে।