৪ জুন মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচন
প্রকাশ : ২২ মে ২০১৪, ২২:৪৪
মুক্তিযোদ্ধাদের ভোটের মাধ্যমে আগামী ৪ জুন সারাদেশে একযোগে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের ৪১টি পদ, ৭টি মহানগর কমান্ডের প্রতিটিতে ১৭টি পদ, ৬৪টি জেলা কমান্ডের প্রতিটিতে ১৭টি পদ ও ৪৭৯টি উপজেলা কমান্ডের প্রতিটিতে ১১টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
ঢাকা মহানগরে চারটি, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট ও বরিশাল মহানগরে একটি করে এবং প্রতি উপজেলায় একটি করে মোট ৪৯০টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
মোট ভোটারের সংখ্যা ১ লাখ ৫২ হাজার ৭৮ জন। কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল নির্বাচনে ৪১টি পদের জন্য ৪টি প্যানেলে ১৫৯ জন এবং স্বতন্ত্র ৪ জনসহ মোট ১৬৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল নির্বাচনে চারটি প্যানেলের নেতৃত্বে রয়েছেন মেজর (অবঃ) জিয়া উদ্দিন, মেজর জেনারেল জি এইচ মোর্শেদ খান (অব.) বীরবিক্রম, মেজর (অব.) ওয়াকার হাসান বীরপ্রতীক এবং অধ্যক্ষ আব্দুল আহাদ চৌধুরী। -তথ্যবিবরণী