গঙ্গাচড়ায় মাকে গণধর্ষণের পর শিশুকে হত্যা

জেলার গঙ্গাচড়ায় এক গৃহবধূকে গত বুধবার রাতে গণধর্ষণের পর ধর্ষকরা তার সাড়ে ৩ বছরের শিশুকে হত্যা করে লাশ পুকুরে ফেলে দিয়েছে। থানা পুলিশ শিশুর লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ধর্ষক হাসান আলীকে গ্রেফতার করেছে। গঙ্গাচড়া উপজেলার লক্ষ্মিটারী ইউনিয়নের শংকরদহ গ্রামের হাসান আলী একই গ্রামের ওই গৃহবধূকে উত্ত্যক্ত করে আসছিল। গত বুধবার রাতে হাসান আলী গোপনে তার বাড়িতে প্রবেশ করলে ওই গৃহবধূর চিত্কারে প্রতিবেশীরা এসে হাসান আলীকে হাতে-নাতে ধরে ফেলে। বিচারের জন্য ওই রাতেই এলাকাবাসী লক্ষিটারী ইউপি কার্যালয়ে নিয়ে যাওয়ার পথে হাসান আলীর লোকেরা তাকে ছিনিয়ে নিয়ে যায়। গত বুধবার রাতে হাসান আলী ও তার লোকেরা ফের ওই গৃহবধূকে তার বাড়ি থেকে জোরপূর্বক তুলে নিয়ে পার্শ্ববর্তী ভুট্টা ক্ষেতে নিয়ে যায় এবং পালাক্রমে ধর্ষণ করে। এসময় তার সঙ্গে থাকা সাড়ে ৩ বছরের শিশু পুত্রকে ধর্ষকরা শ্বাসরোধ করে হত্যা করে পাশের পুকুরে ফেলে দেয়। গঙ্গাচড়া থানার ওসি এমএ মান্নান জানান, শিশু হত্যাকাণ্ডের ঘটনায় মামলা হয়েছে। ঘটনাস্থল থেকে প্রধান আসামি হাসান আলীকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে।