বাকৃবিতে শিক্ষকের বিরুদ্ধে নারী কেলেংকারির অভিযোগ
প্রকাশ : ২২ মে ২০১৪, ২৩:১৬
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) এক শিক্ষকের বিরুদ্ধে নারী কেলেঙ্কারির অভিযোগ উঠেছে। তবে ঘটনাটিকে ওই শিক্ষকের বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্র আখ্যা দিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। এর প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বর্জন করেছে শিক্ষক সমিতি।
প্রত্যক্ষদর্শী ও ক্যাম্পাস সূত্রে জানা যায়, গত বুধবার সন্ধ্যা ৬টার দিকে এক কর্মচারী ও এক নারীসহ বিশ্ববিদ্যালয়ের কৃষি রসায়ন বিভাগের এক শিক্ষক ল্যাবরেটরিতে অবস্থান করছিলেন। এসময় কে বা কারা খবর পেয়ে ল্যাবরেটরি পরিচালকের কক্ষ ও ল্যাবরেটরির মূল গেটে তালা লাগিয়ে দেয়। এসময় সেখানে ছাত্রলীগের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত হয়ে ওই শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকে। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা, প্রক্টর, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ ও অন্যান্য শিক্ষকরা উপস্থিত হন। পরে রাত সাড়ে ৮টার দিকে পুলিশের সহায়তায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের বের করে আনে।
এ ব্যাপারে ওই শিক্ষক দাবি করেন, মেয়েটির চাকরির জন্য ওই কর্মচারী আমার কাছে নিয়ে আসে। তাদের দুজনকে সাথে নিয়ে আমি অফিসে প্রবেশ করি কথা বলার জন্য। সেসময় ল্যাবরেটরির পাশে কৃষি অনুষদের ৪র্থ বর্ষের বেশ কয়েকজন ছাত্র ঘোরাফেরা করছিল। দুজনের সাথে ৫ মিনিট কথা বলে বের হওয়ার সময় দেখি দরজা বাইরে থেকে তালা দেয়া।
এদিকে শিক্ষক সমিতি দাবি করেছে, আগামী ৩ কর্মদিবসের মধ্যে শিক্ষক লাঞ্ছনার ঘটনার সাথে জড়িত ছাত্রদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। পুরো ঘটনা তদন্ত করার জন্য বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. এমএ সাত্তারকে আহ্বায়ক করে বিশ্ববিদ্যালয় প্রশাসন গতকাল ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে।