বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ যুবক ব্রিটেনের আদালতে অভিযুক্ত

সিরিয়ায় ‘জিহাদে’ অংশ নেয়ার দায়ে অভিযুক্ত হয়েছেন মাসুদুর চৌধুরী নামে এক বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ যুবক। মাসুদুর আরো চার জনের সঙ্গে গত বছরের ৮ অক্টোবর তুরস্ক হয়ে সিরিয়া যান এবং একই মাসের শেষের দিকে ব্রিটেনে প্রবেশের সময় তাকে গেইটউইক বিমান বন্দর থেকে আটক করা হয়। বুধবার সন্ত্রাসবাদের সাথে যুক্ত হওয়ার অভিযোগে ব্রিটেনের আদালত তাকে দোষী সাব্যস্ত করে রায় দেয়। আগামী ১৩ জুন তার সাজা ঘোষণা করা হবে। সিরিয়ার যুদ্ধে অংশ নেয়ার দায়ে ব্রিটেনের আদালতে অভিযুক্ত হওয়ার এটাই প্রথম ঘটনা। এর আগে সিরিয়ায় ‘জিহাদ’ করতে গিয়ে ইফতেখার জামান নামে যে প্রথম ব্রিটিশ যুবকের মৃত্যু হয়েছে বলে ধারণা—তিনিও ছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত। এরা দুজনই ইংল্যান্ডের পোর্টসমাউথ শহরের বাসিন্দা। মাসুদুর চৌধুরীর সাথে সিরিয়ায় আগ থেকে অবস্থান করা ইফতেখারের নিয়মিত যোগাযোগ ছিল বলে আদালতের শুনানিতে বলা হয়। ইফতেখার জামান বিবিসির একটি অনুষ্ঠানে স্কাইপির মাধ্যমে জিহাদে অংশ নেয়ার পক্ষে যুক্তি তুলে ধরে ব্যাপক আলোচিত হন। দুই সন্তানের পিতা মাসুদুর চৌধুরী ৫ ভাই ও ৪ বোনের মধ্যে দ্বিতীয়। তাদের আদি বাড়ি সিলেটের জকিগঞ্জে বলে জানিয়েছেন স্থানীয় কমিউনিটি নেতা শোয়েব তানজান। পোর্টসমাউথের এসব তরুণ ইয়ুথ ওয়ার্কার হিসেবে স্থানীয় কমিউনিটির বিভিন্ন কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করত। তারা কমিউনিটিতে ধার্মিক এবং ভদ্র ছেলে হিসেবে পরিচিত ছিল। কিন্তু এসব তরুণ জিহাদের নামে সিরিয়া গৃহযুদ্ধে অংশ নিয়ে পুরো কমিউিনিটিকে প্রতারিত করেছেন বলে অভিযোগ করছেন স্থানীয় নেতৃবৃন্দ। ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এমআই-৬ এর মতে, প্রায় ৫ শতাধিক ব্রিটিশ নাগরিক সিরিয়ার যুদ্ধে অংশ নিয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ রয়েছে বলে ধারণা।