কারো কাছে হাত না পেতে বাংলাদেশ নিজের পায়ে দাঁড়াতে পারবে

চলতি অর্থ বছরে বাংলাদেশের মোট দেশজ উত্পাদন (জিডিপি) ৬ দশমিক ১২ শতাংশ এবং দেশের মাথাপিছু আয় বৃদ্ধি পেয়ে ১ হাজার ১শ ৯০ মার্কিন ডলার হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কারো কাছে হাত না পেতে বাংলাদেশ যে নিজের পায়ে দাঁড়াতে পারবে এ ব্যাপারে আমি আত্মবিশ্বাসী ও আশাবাদী। ২০২১ সালের মধ্যে বাংলাদেশ একটি মধ্যম আয়ের দেশে পরিণত হবে ইনশাল্লাহ। সচিবালয়ে মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় পরিদর্শন শেষে গতকাল বৃহস্পতিবার মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিশ্ব অর্থনীতিতে মন্দা ও দেশে রাজনৈতিক অস্থিরতাসহ অনেক প্রতিবন্ধকতা সত্ত্বেও দেশের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের হার সন্তোষজনক। সবার চেষ্টায় অর্থনৈতিক সাফল্য আসছে। অর্থনৈতিক সাফল্য অর্জনের জন্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, দেশের সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশ্ব বাজারে বিভিন্ন ধরনের মাছ, মাংসসহ হালাল খাদ্য রপ্তানি বাড়ানোর জন্য তাগিদ দেন প্রধানমন্ত্রী। এ জন্য পণ্য উত্পাদন বাড়ানোর পাশাপাশি তিনি নতুন বাজার খোঁজারও আহ্বান জানান। একই সঙ্গে দেশের মানুষের আমিষের চাহিদা বাড়াতে আরো বেশি আমিষ ও দুগ্ধজাত পণ্য উত্পাদনের পরামর্শ দিয়ে তিনি বলেন, এই লক্ষ্যে চরাঞ্চলে মহিষ চাষ বাড়ানো, কালো ছাগল ও ভেড়ার খামার বৃদ্ধি করা এবং গভীর সমুদ্র থেকে মত্স্য সংগ্রহ বাড়াতে হবে। এছাড়া প্রজননের সময় ইলিশ ধরা বন্ধ থাকায় যেসব জেলে বেকার থাকেন, ওইসময় তাদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির জন্য নির্দেশ দেন শেখ হাসিনা। তিনি বলেন, বিশ্ব অর্থনীতিতে মন্দা থাকা অবস্থায় আমরা সরকার গঠন করেছিলাম। অনেকেই ভাবতে পারেননি যে, বাংলাদেশের মতো একটি দেশ জিডিপি ৬ ভাগের উপরে ধরে রাখতে পারবে। আর এবার তো অনেকেই অনেক রকম প্রেডিকশন দিয়েছিলেন। তার জন্য কিছুটা রাজনৈতিক অবস্থাও দায়ী ছিল। উন্নয়নে নানা ধরনের বাধার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ কিন্তু একদিকে প্রাকৃতিক দুর্যোগের দেশ, অন্যদিকে আবার মানবসৃষ্ট দুর্যোগের দেশ। এসব অবস্থা মোকাবেলা করে আমি এগিয়ে যেতে পারবো এবং আমরা কিন্তু তা করতে সক্ষম হয়েছি। প্রধানমন্ত্রী বলেন, দেশের অর্থনৈতিক অগ্রগতি আওয়ামী লীগই সূচনা করেছে। অর্থনৈতিক এ অগ্রযাত্রা অব্যাহত থাকবে। দেশে অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখার জন্য সংশ্লিষ্টদের প্রতি তাগিদ দেন তিনি। মতবিনিময় সভায় মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবদুস সোবহান শিকদার, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব আবুল কালাম আজাদ, মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব সেলিনা আফরোজা প্রমুখ উপস্থিত ছিলেন।