জয়নাল হাজারীকে রিমান্ডে নিলে একরাম হত্যার রহস্য বেরোবে
প্রকাশ : ২২ মে ২০১৪, ২৩:২১
উপজেলা চেয়ারম্যান একরামুল হক একরাম হত্যাকাণ্ডের প্রতিবাদে ফেনী জেলা আওয়ামী লীগ গতকাল বৃহস্পতিবার দুপুরে স্থানীয় একটি রেস্টুরেন্টে সাংবাদিক সম্মেলন করেছে। এতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী তার বিরুদ্ধে বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত সংবাদ ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের বক্তব্যের প্রতিবাদ জানান। এ সময় তিনি বলেন, জয়নাল হাজারীকে পুলিশ রিমান্ডে নিলে একরাম হত্যার সঠিক রহস্য বেরিয়ে আসবে।
প্রসঙ্গত, ১৯ মে জয়নাল হাজারী সম্পাদিত দৈনিক হাজারীকা প্রতিদিনে ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামসহ আরো বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতা হত্যার পরিকল্পনা হচ্ছে বলে সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পরদিনই প্রকাশ্য দিবালোকে ফেনী শহরের একাডেমি এলাকায় বিলাসী সিনেমা হলের সামনে একরামকে নৃশংসভাবে হত্যা করা হয়।
সাংবাদিক সম্মেলনে তিনি আরো বলেন, ‘আমার প্রিয় সহকর্মী একরামুল হক একরাম হত্যাকাণ্ডের সঙ্গে আমাকে জড়িয়ে বেশকিছু দৈনিক পত্রিকা মিথ্যা ও বিভ্রান্তিমূলক সংবাদ প্রচার করেছে। আমি এর তীব্র প্রতিবাদ জানাই। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম এই ঘটনাকে ভিন্ন খাতে প্রভাবিত করতে মামলা দায়েরের আগেই ঘটনাকে দলীয় কোন্দল বলে প্রচার করেছেন। এরই ধারাবাহিকতায় ফেনী জেলা বিএনপিও মুখস্থ বিবৃতি পাঠ করেছে।’
নিজাম উদ্দিন হাজারী বলেন, ‘প্রকৃত ঘটনা হলো, ফুলগাজী উপজেলা নির্বাচনে একরামের প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপি নেতা মাহতাব উদ্দিন চৌধুরী মিনার বেশ কয়েকবার একরামের উপর হামলা করেছিল। শেষ পর্যন্ত তার হাত থেকে বাঁচতে পারেনি আমার বন্ধু একরাম।’ তিনি জানান, মৃত্যুর কিছুদিন আগে একরাম ফুলগাজী থানায় মিনারের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি করে। সাংবাদিক সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ফেনী জেলা পরিষদ প্রশাসক আজিজ আহম্মদ চৌধুরী, ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান বিকম, জেলা যুবলীগের আহ্বায়ক দিদারুল কবির রতন প্রমুখ।
সাংবাদিক সম্মেলন শেষে একরাম হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল, মানব বন্ধন, মিলাদ মাহফিলসহ তিনদিনের কর্মসূচি ঘোষণা করে জেলা আওয়ামী লীগ।
ফুলগাজীতে শান্তিপূর্ণ হরতাল পালিত
গতকাল উপজেলা আওয়ামী লীগের সকাল-সন্ধ্যা হরতাল শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। হরতাল চলাকালীন উপজেলায় সকল দোকানপাট, স্কুল-কলেজ, ব্যাংক বন্ধ ছিল। কোন ধরনের যানবাহন চলাচল করতে দেখা যায়নি। কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। পিকেটাররা রাস্তায় রাস্তায় কাঠের গুড়ি ফেলে ব্যারিকেড সৃষ্টি করে।
‘হত্যাকারীদেরকে সনাক্ত করা হয়েছে’
গতকাল দুপুর ২টার দিকে ফেনী থানায় সহকারী পুলিশ সুপার (সার্কেল) সাংবাদিকদের জানান, একরামকে যে সকল খুনি নৃশংসভাবে হত্যা করেছে, তাদের সনাক্ত করা হয়েছে। তাদের গ্রেফতারের প্রস্তুতি চলছে।