শঙ্কামুক্ত বিজয় শঙ্কর

স্পোর্টস ডেস্ক

নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের প্রস্তুতি ম্যাচের আগে নেটে ব্যাট করার সময় পেসার খলীল আহমেদের একটি বল ডান হাতে আঘাত করে। ফলে ভারতের প্রথম প্রস্তুতি ম্যাচে খেলতে পারেননি বিজয়। বড় কিছুর আশঙ্কাও করছিলো ভারতীয় দল। তবে সম্প্রতি এক পরীক্ষায় জানা গেছে তার চোট তেমন গুরুতর কিছু নয়।

দলের এক মুখপাত্র জানান, ‘শুক্রবার তাকে স্ক্যানের জন্য নিয়ে যাওয়া হয়েছিলো এবং এরপর আমরা আশ্বস্ত হয়েছি যে তার হাঁড়ে কোনো প্রকারের চিড় ধরা পড়েনি। তবে তার চোটটি নিবিড় পর্যবেক্ষণে আছে।’

এই চোটের ফলে নিউজিল্যান্ডের বিপক্ষে ২৮ বছর বয়সী এই অলরাউন্ডারকে দলের ব্যাটিং লাইনআপের চার নম্বর জায়গায় পরীক্ষা করে দেখার সুযোগ হারালো ভারত।

চোটটি তেমন গুরুতর না হওয়ায় আগামীকাল বাংলাদেশের বিপক্ষে ম্যাচেই তাকে পাওয়ার আশা করছে। তবে ৫ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাকে পাওয়া নিয়ে কোনো প্রকারের শঙ্কা নেই দলের।

এদিকে কেদার যাদব আইপিএল থেকে বয়ে নিয়ে আসা চোটটি থেকে সেরে উঠছেন। সম্পূর্ণরূপে ফিট হয়ে উঠলে আগামীকাল বাংলাদেশের বিপক্ষেই দেখা যেতে পারে এই মিডল অর্ডার ব্যাটসম্যানকে।