ডেমরায় গণপিটুনিতে ছিনতাইকারী নিহত
প্রকাশ : ২২ মে ২০১৪, ২৩:২২
রাজধানীর ডেমরায় ছিনতাই করতে গিয়ে গণপিটুনিতে মনির হোসেন (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। পুলিশ দাবি করেছে, নিহত মনির হোসেন একজন ছিনতাইকারী। ওই গণপিটুনিতে মনির হোসেনের সহযোগী রানা গুরুতর আহত হয়েছেন।
ডেমরা থানার এসআই জানান, গত বুধবার রাতে সিদ্ধিরগঞ্জের নিমাইকাশারী বাজারে চারজন ছিনতাই করতে যায়। এ সময় স্থানীয়রা টের পেয়ে ধাওয়া দিলে ছিনতাইকারীরা পালিয়ে ডেমরার বাগমারায় চলে আসে। বাগমারার স্থানীয়রা ধাওয়া দিয়ে দুই ছিনতাইকারী মনির ও রানাকে আটক করে গণপিটুনি দেয়। বাকি দুইজন পালিয়ে যায়।
খবর পেয়ে পুলিশ গতকাল বৃহস্পতিবার সকালে গুরুতর অবস্থায় মনির ও রানাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিত্সক মনিরকে মৃত ঘোষণা করেন। অপর ছিনতাইকারী রানা হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন।
এসআই আরো জানান, মনিরদের দলটি দীর্ঘ দিন ধরে ডেমরা ও সিদ্ধিরগঞ্জসহ আশপাশের এলাকায় ছিনতাই করে আসছিল। তাদের অপর সহযোগীদের গ্রেফতারের জন্য অভিযান চলছে। এ ঘটনায় ডেমরা থানায় মামলা হয়েছে।