জাপা এখন যেন সোনার পাথর বাটি :বি. চৌধুরী
প্রকাশ : ২২ মে ২০১৪, ২৩:২২
বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট অধ্যাপক এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, জাতীয় সংসদে জাতীয় পার্টি (জাপা) এখন ‘সোনার পাথর বাটি’র মতো। দলটি একদিকে বিরোধী দলে, অন্যদিকে সরকারি দলেও আছে। যা পৃথিবীর ইতিহাসে নেই। গতকাল বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে পিরোজপুরের কমল একাডেমি আয়োজিত ‘গণতন্ত্র পুনরুদ্ধার, নাগরিক নিরাপত্তা, পেশাজীবী-রাজনীতিবিদদের মুক্তি এবং ব্যাপক কারচুপিপূর্ণ উপজেলা নির্বাচনসমূহের ফলাফল বাতিল’ শীর্ষক এক আলোচনা সভায় একথা বলেন।
বি. চৌধুরী বলেন, দেশ প্রায় একদলীয় শাসনের দিকে যাচ্ছে। গণতন্ত্র পুনরুদ্ধার করতে হলে জনগণকে সঙ্গে নিয়ে শক্তিশালী আন্দোলন গড়তে হবে। বিরোধীদলকে জনগণের ভিতরে ঢুকতে হবে, সংগঠনকে শক্তিশালী করতে হবে। দলের মধ্যে গণতন্ত্র রাখতে হবে। জনগণ যাকে নেতা হিসেবে চায়, তাকেই নেতা করতে হবে। আর তা না হলে রাজনীতি চলে যেতে পারে ভয়ঙ্কর পর্যায়ে।
কমল একাডেমির চেয়ারম্যান মইনুল আহসান মুন্নার সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. নূরুল আমিন বেপারী, বিকল্প যুবধারার সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাচ্চু, পিরোজপুর জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আকন, যুবদলের কেন্দ ীয় যুগ্ম সম্পাদক জোবায়ের এজাজ, পিরোজপুর জেলা বিএনপির সহসভাপতি এলিজা জামান, ব্যারিস্টার সরোয়ার হোসেন, ঢাকা মহানগরী কৃষক দলের সভাপতি নাসির হায়দার, নাজিরপুর উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম খান প্রমুখ।