গাজীপুর সদর হাসপাতালে চিকিত্সা নিলেন নিজামী

দশ ট্রাক অস্ত্র পাচার মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত ও মানবতা বিরোধী অপরাধে আটক জামায়াত নেতা সাবেক মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামী কারাগারে পিঠের ব্যথা ও চক্ষু রোগে আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার এসব সমস্যার কারণে তাকে কাশিমপুর হাইসিকিউরিটি কারাগার থেকে গাজীপুর সদর হাসপাতালে আনা হয়। কাশিমপুর হাইসিকিউরিটি কারাগার সূত্রে জানা গেছে, সকাল ১১টার দিকে নিজামীকে কড়া পুলিশ প্রহরায় অ্যাম্বুলেন্সে গাজীপুর সদর হাসপালে পাঠানো হয়। চক্ষু বিশেষজ্ঞ বিপ্লব কুমার হোড় জানান, তার বাম চোখে লেন্সের নিচের দিকে ছানি পড়েছে। এটা পরিষ্কার করতে ইয়াগ লেজার রশ্মি প্রয়োগ করতে হবে। ডায়াবেটিস, হূদরোগ ও মেরুদণ্ডে ব্যথা থাকায় উন্নত চিকিত্সা জন্যে তাকে ঢাকার বারডেম বা জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে নেয়ার জন্য পরামর্শ দেয়া হয়েছে। গাজীপুর সদর হাসপাতালে প্রায় ঘন্টা খানেক চিকিত্সা দেয়ার পর তাকে আবার কারাগারে নেয়া হয়। নিজামীর ছেলে ব্যারিস্টার মো. নাজিব মোমেন জানান, প্রায় ১৪ বছর আগে তার বাবার দু’চোখে ছানির অপারেশন হয়। বতর্মানে তিনি বাম চোখে দেখতে পাচ্ছেন না। এজন্য কারা কর্তৃপক্ষের কাছে চিকিত্সকের পরামর্শ অনুযায়ী তাকে ঢাকায় নেয়ার আবেদন জানাবেন। কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারের সুপার মো. মিজানুর রহমান জানান, কারা বিধি অনুযায়ী উন্নত চিকিত্সার জন্য তাকে দ্রুত ঢাকায় পাঠানো হবে।