চ্যানেলগুলোকে বাজেটের কথা বললেই গলা শুকায়!

গিয়াস উদ্দিন সেলিমের নাম এখন ‘মনপুরা’ খ্যাত পরিচালক। তবে একই কাসুন্দি ঘাটতে ঘাটতে এই পরিচয়েও যেন মরচে ধরে গেছে। দ্বিতীয় ছবির ঘোষণাও হয়েছে, সেটিও অনেকদিন। তবে এই মুহূর্তে তার ব্যস্ততার পুরোটাই তার দ্বিতীয় ছবি নিয়ে। ছবির নাম ‘কাজল রেখা’। এখন তিনি বলছেন, কাজল রেখার জন্য নাকি তিনি যুত্সই প্রযোজক পাচ্ছেন না। ময়মনসিংহ গীতিকা গল্প অবলম্বনে নির্মাণ হতে যাচ্ছে ছবিটি। ছবিটির সবকিছুই প্রায় ঠিক হলেও এখনও প্রযোজকের সন্ধান পাননি তিনি। সেলিম বলেন, ‘ছবির সবকিছুই প্রায় ঠিকঠাক। এখন আমার প্রধান কাজ প্রযোজক সন্ধান করা। দীর্ঘ দুই বছর ধরে এই ছবিটি নিয়েই সব জল্পনা চলছে আমার মাঝে। প্রযোজক পেয়ে গেলেই শুটিং শুরু করে দেবো।’ এদিকে এখন গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘উজান গাঙের নাইয়া’ মা ও শিশু বিষয়ক সচেতনমূলক ধারাবাহিক নাটকটি বিটিভিতে প্রচার হচ্ছে। নাটকটিতে অভিনয় করেছেন মামুনুর রশীদ, ওয়াহিদা মল্লিক, চিত্র লেখা গুহসহ দেশবরণ্য শিল্পীরা। ঈদকে সামনে রেখে বেশ কিছু নাটকের পরিকল্পনা চলছে সেলিমের। তবে এখনও কোনো কিছু ফাইনাল করেননি। সেলিম বলেন, ‘নাটক করব কিন্তু যেই বাজেটের নাটক বানাবো সেই অনুযায়ী চ্যানেলের কাছ থেকে পাবো কি না সেই শঙ্কায় থাকি। তবে কয়েকটা নাটক হয়তো করব। কারণ এখন চ্যানেলগুলো অল্প টাকায় বিশাল কিছু চায়। আবার বাজেটের কথা বললেই গলা শুকায়।’