গরমে শরবত
প্রকাশ : ২৩ মে ২০১৪, ২০:৪১
প্রচন্ড গরমে সবার নাভি:শ্বাস অবস্থা। আর যারা এই গরমে বাইরে কাজে বের হয় তাদের অবস্থা আরো খারাপ। শিশুরাও ভালো নেই এই গরমে। অসুস্থ হয়ে পড়ছে অনেক শিশুই। গরমে যেন কোন কিছুই খেতে ভাল লাগে না। শুধু পান করতে ইচ্ছা করে পানি বা পানি জাতীয় খাবার। যারা বাইরে কাজে বরে হয় তারা প্রচন্ড গরমে একটু স্বস্তির আশায় রাস্তার পাশে ভ্যানে বিক্রি করা লেবুর শরবত, ফলের রস, এলোভেরা ইত্যাদি পান করে থাকে। গরমে এই পানীয়গুলো খুবই স্বাস্থ্যকর হতো যদি এই পানীয়গুলো বিশুদ্ধ বা জীবানু মুক্ত পানি দিয়ে তৈরী করা হতো। এ সমস্ত পানীয় পান করার আগে একবারও কি ভেবে দেখেছেন এগুলো কতটা স্বাস্থ্যসম্মত। গরমে স্বস্তির জন্য এই লোভনীয় পানীয় আপনার স্বাস্থ্যের সুফলের বদলে কুফল ডেকে আনতে পারে। হতে পারে বমি, ডায়রিয়া, জন্ডিস, আমাশয়, টাইফয়েড ইত্যাদি মারাত্মক রোগ। সুতরাং রাস্তার এই সমস্ত পানীয় পান না করে যদি বাসা থেকে বোতলে করে ঠান্ডা লেবুর শরবত করে নিয়ে যান বা একটা ডাব কিনে খান সেটা হবে আপনার স্বাস্থ্যের জন্য সত্যিই খুব ভালো এবং স্বাস্থ্যকর। এছাড়া বাসায় তৈরি করে খেতে পারেন তরমুজ, বাঙ্গি, আনারস, কাঁচা আমের শরবত যা আপনার জন্যতো বটেই বাসার বাচ্চাদের জন্যও খুব ভালো। আর যেসব বাচ্চারা স্কুলে যায় তাদের একটি বড় বোতলে পানি এবং আরেকটি বোতলে লেবুর শবরত বা বাড়িতে তৈরী করা ফলের রস দিয়ে দিতে পারেন। এবং বাচ্চাকে বারণ করবেন যেন স্কুলে গিয়ে স্কুলের বাইরে থেকে বরফ পানি, কুলফি, সস্তা আইসক্রিম না খায়। প্রচন্ড এই গরমে বেশি করে পানি পান করুন। তরল জাতীয় খাবার বেশি খান। তবে লক্ষ্য রাখবেন তা সবই যেন হয় স্বাস্থ্যকর এবং স্বাস্থ্যসম্মত।
মাহফুজা নাসরীন (শম্পা)
পুষ্টিবিদ
আল-রাজী ইসলামিয়া হাসপাতাল
ব্লক-জি, বনশ্রী, ঢাকা-১২১৯