আফগানিস্তানে ভারতীয় কনস্যুলেটে হামলা

আফগানিস্তানের হেরাত শহরে ভারতীয় কনস্যুলেট ভবনে হামলা চালিয়েছে একদল অস্ত্রধারী। নিরাপত্তা বাহিনী বেষ্টিত ওই এলাকায় বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে হামলা শুরু হয়। কয়েক ঘণ্টা ধরে চলা এই হামলায় কনস্যুলেটের কেউ হতাহত হননি বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা। কর্মকর্তাদের বরাত দিয়ে এনডিটিভির খবরে বলা হয়েছে, হামলাকারীরা কতজন ছিল তা স্পষ্ট নয়। আফগানিস্তানের এর মধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সৈয়দ আকবরউদ্দিন এক টুইট বার্তায় লিখেছেন, ‘সাহসী আইটিবিপি কর্মকর্তারা ও আফগান সেনারা ওই হামলা ঠেকিয়েছে। সবাই নিরাপদে আছেন, অভিযান চলছে।’ হামলার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা নিয়মিত যোগাযোগ রাখছেন। পররাষ্ট্র সচিব সুজাতা সিং পরিস্থিতির তদারকি করছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত হামলার জন্য কেউ দায় স্বীকার করেনি। এই হামলার ঘটনা যখন ঘটলো, তার আগেই আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই ভারতের নতুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সোমবারের শপথ অনুষ্ঠানে অংশ নেয়ার কথা জানিয়েছেন।