ফিলিস্তিনের সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠায় সমর্থন জানাতে পারেন পোপ
প্রকাশ : ২৩ মে ২০১৪, ২১:২৪
পোপ ফ্রান্সিস একটি সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার ব্যাপারে জোরালো সমর্থন দেয়ার পরিকল্পনা নিয়েছেন বলে জানা গেছে। অধিকৃত পশ্চিম তীরে সপ্তাহান্তে সফরের সময় তিনি এ সমর্থনের কথা ব্যক্ত করতে পারেন বলে নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে।
বর্তমানে পোপ ফ্রান্সিস জর্ডান সফরে রয়েছেন। সেখান তিনি ইসরাইলের পরিবর্তে সরাসরি পশ্চিম তীরে যাবেন। তার এই সফরের মধ্য দিয়ে ধরে নেয়া হচ্ছে অন্য যে কোন সময়ের তুলনায় তিনি ফিলিস্তিনকেই বেশি গুরুত্ব দিচ্ছেন। তিনি এমন এক সময় সেখানে যাচ্ছেন ; যার কিছুদিন আগে সেখানে ইসরাইল-ফিলিস্তিন শান্তি আলোচনা ভেঙ্গে যায়। তাই আশা করা হচ্ছে, তার এই সফরের মধ্য দিয়ে সে আলোচনার একটি নতুন গতি পাবে। মধ্যপ্রাচ্য সফরকালে বুধবার পোপ ফ্রান্সিস বলেন, মধ্যপ্রাচ্যে তার তিনদিনের সফর ছিল মূলত এক ধর্মীয় সফর। এটা একটা ভারসাম্য প্রতিষ্ঠার জন্যই করা হয়েছে। ভ্যাটিকানের মুখপাত্র ফেডরিকো লাম্বার্দি বলেন, ২০১২ সালের জাতিসংঘের সাধারণ পরিষদের প্রস্তাবনা অনুযায়ী ‘স্টেট অব প্যালেস্টাইন’ শব্দটিকে ভ্যাটিকান শ্রদ্ধার চোখে দেখে। তিনি বলেন, এর মাধ্যমে ফিলিস্তিনি রাষ্ট্রের মর্যাদা বৃদ্ধি করা হয়েছে।