বাঘায় পুঁই চাষে ঝুঁকছে কৃষক

পুঁই চাষ লাভজনক হওয়ায় রাজশাহীর বাঘা উপজেলার পদ্মার চরাঞ্চলের কৃষকরা এ বছর ব্যাপকহারে পুঁইশাক চাষ শুরু করেছেন। এর ফলে তারা যথেষ্ট লাভবান হচ্ছে। বর্তমানে এ অঞ্চলের পুঁইশাক অত্র অঞ্চলের চাহিদা মিটিয়ে বাজারজাত করা হচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে। অন্যান্য ফসলের তুলনায় পুঁইশাক চাষ লাভজনক হওয়ায় এ বছর অত্র এলাকার কৃষকরা ব্যাপকহারে পুঁই চাষের দিকে ঝুঁকে পড়েছেন। বিশেষ করে প্রান্তিক কৃষক ও সবজি চাষিরা এ বছর সবাই কম-বেশি পুঁইশাক চাষ করেছেন। এর মধ্যে সবচেয়ে বেশি চাষাবাদ হচ্ছে পদ্মার চরাঞ্চরে। ধারণা করা হচ্ছে, প্রাকৃতিক কোন দুর্যোগ না হলে এবার পুঁইশাক আবাদে এ অঞ্চলের কৃষকরা আর্থিকভাবে লাভবান হবেন। আমোদপুর গ্রামের কৃষক এজের আলী জানান, আগের দিনে মানুষ বাঁশের তৈরি বান (জাংলা) তৈরি করে তার উপরে পুঁই গাছ তুলে দিতো। কিন্তু এখন এর চাহিদা বেড়ে যাওয়ায় জাংলাসহ অন্য সবজির মতো জমিতে পুঁইশাক চাষাবাদ করা হচ্ছে। তার মতে, বিভিন্ন হোটেল, রেস্তোরাঁ কলেজ-বিশ্ববিদ্যালয়ের কেন্টিনগুলোতে বিভিন্ন সবজির পাশাপাশি পুঁইশাক এর চাহিদা বাড়ছে। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হাবিবুল ইসলাম জানান, গত বছর উপজেলার বিভিন্ন এলাকায় পুঁইশাক চাষ করে কৃষকরা লাভবান হওয়ায় এবার উত্পাদন বেড়েছে।