সাঁথিয়ায় ভিত্তি প্রস্তর স্থাপনের ৮ বছরেও হয়নি সেতু
সাঁথিয়া (পাবনা) সংবাদদাতা
প্রকাশ : ২৩ মে ২০১৪, ২২:০৬
পাবনার সাঁথিয়া উপজেলার ভুলবাড়িয়া, নন্দনপুর ও ধুলাউড়ি ইউনিয়নবাসীর একমাত্র দুঃখ ইছামতি নদীর হাটবাড়িয়া-কৃষ্ণপুরে একটি সেতু। ইউনিয়ন তিনটির হাজার হাজার মানুষ, স্কুল-কলেজের শিক্ষার্থী ও নিত্যদিনের কাজের লোকদের একমাত্র যোগাযোগ মাধ্যম হাটবাড়িয়া-কৃষ্ণপুর গ্রামের বাঁশের তৈরি সাঁকো। প্রতিনিয়ত সাঁকোটি দিয়ে বৃদ্ধ, শিশু, স্কুল, কলেজের ছাত্র-ছাত্রীরা ঝুঁকি নিয়ে যাতায়াত করে থাকে। এলাকার দোকানপাটের মালামাল, খাদ্যদ্রব্য, কৃষিপণ্যসহ যাবতীয় কাজ সম্পন্ন হয় এলাকাবাসীর তৈরি সাঁকো দিয়ে। হাজার হাজার মানুষের দীর্ঘদিনের দাবির মুখে জোট সরকারের আমলে তত্কালীন শিল্পমন্ত্রী মাওঃ মতিউর রহমান নিজামী ২০০৬ সালের ১৯ অক্টোবর সেতু নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
এলজিইডির বাস্তবায়নে সেতুটির নির্মাণ ব্যয় ধরা হয় ১ কোটি ২৬ লাখ ৩৪ হাজার ৫শ টাকা। দীর্ঘ ৮ বছর অতিবাহিত হলেও সেতুটির নির্মাণ কাজ শুরু করতে পারেনি এলজিইডি। বর্তমান সরকার দু-দুবার ক্ষমতায় আসলেও এলাকাবাসীর দুঃখ এ সেতুটির খোঁজ কেউই রাখেনি। হাটবাড়িয়া দাখিল মাদ্রাসার শিক্ষক জুবায়ের হোসেন বলেন, ছোট শিক্ষার্থীরা প্রায়ই নদীতে পড়ে বই, খাতা ভিজে বাড়িতে ফিরে যায়। কৃষ্ণপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সবুজ জানান, প্রতিদিন ভাঙ্গা এ সাঁকোটি দিয়ে বিদ্যালয়ে যেতে আমাদের ভয় লাগে।
সাঁথিয়া উপজেলা প্রকৌশলী ওয়ালিউর রহমান জানান, জোট সরকারের আমলে সেতুটির ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। অর্থ বরাদ্দ না হওয়ায় কাজটি শুরু করা সম্ভব হয়নি।