মেহেরপুরের গাংনীতে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০ \ আটক ১৪

মেহেরপুরের গাংনী উপজেলার দিঘলকান্দি গুচ্ছগ্রামবাসীর উপরে প্রতিবেশী কচুইখালী গ্রামের মানুষের হামলায় অন্তত ২০ জন আহত হয়েছেন। এ সময় দিঘলকান্দি গ্রামের ৪টি বাড়িতে অগ্নিসংযোগ ও ৫টি বাড়িতে ভাংচুর করে লুটপাট করা হয়। তুচ্ছ ঘটনার জের ধরে বৃহস্পতিবার রাতে এ হামলার ঘটনা ঘটে। ঘটনার সাথে জড়িত সন্দেহে কচুইখালী গ্রামের ১৪ জনকে আটক করেছে পুলিশ। স্থানীয়সূত্রে জানা গেছে, ছাগলে ক্ষেতের ফসল খাওয়াকে কেন্দ্র করে বৃহস্পতিবার সন্ধ্যায় দিঘলকান্দি গ্রামের দুই মহিলার মধ্যে ঝগড়া হয়। এ ঘটনার জের ধরে রাত সাড়ে ৮টার দিকে কচুইখালী গ্রামের শতাধিক লোক লাঠিসোটা নিয়ে দিঘলকান্দি গুচ্ছগ্রামে হামলা চালায়। এ সময় বাড়িঘর ভাংচুরের পাশাপাশি অগ্নিসংযোগ করা হয়। পরে স্থানীয় পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভায়। আহতদেরকে মেহেরপুর জেনারেল হাসপাতাল ও গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে।