সিংগাইরে যাত্রায় সংঘর্ষ এলাকা পুরুষশূন্য
সিংগাইর (মানিকগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ : ২৩ মে ২০১৪, ২২:০৯
সিংগাইর উপজেলার নয়াপাড়া গ্রামে যাত্রা কমিটির লোকদের সাথে গত বৃহস্পতিবার থানা পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে পুলিশসহ কমপক্ষে ৪০ জন আহত হয়েছে। থানার গাড়ি ভাংচুর ও পুলিশকে মারধর করার মামলায় এলাকা এখন পুরুষশূন্য।
গতকাল শুক্রবার থানায় এ ব্যাপারে একটি মামলা করেছে পুলিশ। এ পর্যন্ত গ্রেফতার করা হয়েছে ৮ জনকে। গ্রেফতারকৃতরা হলেন মুরাদ হোসেন, শহীদুল ইসলাম, শরিফুল ইসলাম, মিষ্টার আলী, আনিসুর রহমান, কমল শীল, শফিকুল ইসলাম ও ইউনুস আলী।
সিংগাইর থানার ওসি মো. লিয়াকত আলী বলেন, নয়াপাড়া গ্রামে যাত্রাগানের নাম করে নগ্ন নৃত্যসহ অসামাজিক কার্যকলাপ ঘটছে বলে জানতে পেরে তা বন্ধ করতে যাই। এমন সময় যাত্রা কমিটির নেতা মৃত কাশি শিকদারের ছেলে সন্ত্রাসী শফি ও আব্দুল গংরা আমাদের উপর হামলা চালায় এবং থানার পিকআপটি ভেঙ্গে দেয়।