মন্দিরের সম্পত্তি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

নওগাঁর মান্দা উপজেলার সিংগী বাজারে কাঁশোপাড়া ইউপি চেয়ারম্যান শিবকালি মন্দিরের সম্পত্তি দখল করে পাকাঘর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এলাকার হিন্দু সম্প্রদায়ের মাঝে ক্ষোভ বিরাজ করছে। জানা গেছে, সিংগী বাজারের ৭৪ শতক দেবোত্তর সম্পত্তির ওপর শিবকালি মন্দিরটি অবস্থিত। ৭২ সালে এ দেবোত্তর সম্পত্তি হাটের নামে রেকর্ড করা হয়। রেকর্ড সংশোধনের জন্য জেলা প্রশাসক নওগাঁ, সহকারী কমিশনার (ভূমি) মান্দা ও ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা গোটগাড়ীকে বিবাদী করে একটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। বট গাছের গোড়ায় কালির একটি মূর্তি রেখে পূজা-অর্চনা করে থাকেন এলাকার কয়েক গ্রামের হিন্দু সমপ্রদায়ের লোকজন। মন্দির পরিচালনা কমিটির সভাপতি পিতাম্বর কবিরাজ জানান, মন্দিরের জায়গা দখল করে ইউপি চেয়ারম্যান ইয়াদ আলী মন্ডল পাকাঘর নির্মাণ করছেন। মন্দির কমিটির সাধারণ সম্পাদক লিটন চন্দ্র সাহা ও কোষাধ্যক্ষ গোপাল চন্দ্র সন্ন্যাসী জানান, প্রতিবছর জ্যৈষ্ঠ মাসে এই মন্দিরে পাঠাবলিসহ বড় আকারে পূজার আয়োজন করা হয়ে থাকে। সিংগী হাট কমিটির সভাপতি সাইদুর রহমান জানান, চেয়ারম্যান ইয়াদ আলী মন্ডল ও তার চাচাতো ভাই খয়বর আলী মন্দিরের চারপাশের জায়গা দখল করে কালি মূর্তি ভেতরে রেখেই কয়েকটি পাকা ঘরের নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন। কালিমূর্তির পেছনে তৈরি করা হচ্ছে ল্যাট্রিন। চেয়ারম্যান ইয়াদ আলী মন্ডল ঘর নির্মাণের সত্যতা স্বীকার করে বলেন, অতীতে দেবোত্তর সম্পত্তি হলেও বর্তমানে এটি হাটের জায়গা। মান্দা থানার ওসি আব্দুল্লা হিল বাকি বলেন, ইউপি চেয়ারম্যান ইয়াদ আলী মন্ডল জোরপূর্বক বিচারাধীন জায়গায় ঘর নির্মাণ করছেন। কয়েকবার সমাধান করার চেষ্টা করা হলেও সমাধান করা যায়নি। তবে এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি। মান্দা ইউএনও শাহানাজ আকতার জাহান জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।