ভারতে ড্রোন দিয়ে পিজার হোম ডেলিভারি
প্রকাশ : ২৩ মে ২০১৪, ২৩:২৬
প্রাণঘাতি কাজে ড্রোন বা চালকবিহীন বিমান ব্যবহারের কথা আমরা সবাই জানি। জনহিতকর কাজে এই যন্ত্রকে ব্যবহার করার দাবি চলে আসছিলো কয়েকবছর ধরে। অবশেষে প্রায় অসাধ্য কাজটি সেরে ফেলেছে মুম্বাই এর একটি রেষ্টুরেন্ট। তারা পিজা হোম ডেলিভারি দিতে ড্রোনের ব্যবহার শুরু করেছে। অবশ্য লন্ডনে এ ধরনের একটি রেষ্টুরেন্ট ড্রোনে চড়িয়ে পিজা ডেলিভারি দিচ্ছে অনেক আগে থেকেই। মুম্বাই এর বিখ্যাত পিজা প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফ্রান্সিসকো পিজারিয়ার এর পিজা গ্রাহকরা ঘরে বসে ডেলিভারি নিতে পারছেন। তবে ড্রোনের মাধ্যমে পিজা পেতে তাদের একটু বেশি খরচ করতেই হচ্ছে। প্রাথমিকভাবে দেড় কিলোমিটারের মধ্যে যে কোন জায়গায় ড্রোন গ্রাহকদের পিজা পৌঁছে দেবে। আরো বেশি দূরত্বে এ ব্যবস্থায় পিজা পৌঁছে দেয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে কোম্পানিটি। প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী মাইকেল রাজানি জানান, আমরা ইতিমধ্যে দেড় কিলোমিটার দূরে পিজা পৌঁছে দিয়েছি। আশা করছি কয়েক বছরের মধ্যে ড্রোন পিজা নিয়ে নিয়মিতভাবে আকাশে উড়বে।
অপরদিকে, লন্ডনে পিজা হোম ডেলিভারি দেয়ার ঘটনা অনেক পুরোনো। বিশ্বখ্যাত কোম্পানি ডোমিনাস পিজা ডেলিভারি দেয়ার জন্য ইতিমধ্যে কিছু ড্রোন তৈরি করেছে। তারা এসব ড্রোনের নাম দিয়েছে ডোমি কপ্টার। লন্ডনের এভিয়েশন কর্তৃপক্ষ মনে করছে, ১০ বছরের মধ্যে কোম্পানিগুলো এ খাতে নয়শ কোটি ডলার বিনিয়োগ করবে।