মোদীর মন্ত্রিসভায় থাকতে পারেন যারা
প্রকাশ : ২৩ মে ২০১৪, ২৩:২৭
ভারতের নবনির্বাচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ গ্রহণের দিন যত এগিয়ে আসছে তার মন্ত্রিসভার সম্ভাব্য সদস্যদের নিয়ে নতুন নতুন তথ্য মিলছে। গতকাল শুক্রবার ভারতের এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, মন্ত্রিসভা চূড়ান্ত করতে বিজেপি কয়েক দফা বৈঠক করেছে। অর্থমন্ত্রী হিসাবে নাম উঠে এসেছে অরুন জেটলি, অরুণ শুরি ও সুব্রামানিয়ান স্বামীর নাম। কারণ তাদেরকে ভারতের বর্তমান অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার জন্য একটি রোডম্যাপ তৈরির দায়িত্ব দেয়া হয়েছে।
পররাষ্ট্রমন্ত্রীর পদের দৌড়েও এগিয়ে আছেন অরুন জেটলি। সুষমা স্বরাজ হতে পারেন প্রতিরক্ষা কিংবা মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী। বিদায়ী লোকসভার বিরোধী দলীয় নেতা স্বরাজ স্বরাষ্ট্র, অর্থ, প্রতিরক্ষা বা পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালনে আগ্রহী। রেলমন্ত্রী হতে পারেন ভেনকাইয়া নাইড়ু আর নগর উন্নয়ন মন্ত্রী হতে পারেন নিতীন গড়করি। শাহনেওয়াজ হুসেন এবং মুক্তাদির আব্বাস নাখভিও মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন। এল কে আদভানিকে বড় পদ দেয়ার চিন্তা রয়েছে বিজেপির। তিনি হতে পারেন লোকসভা স্পিকার অথবা এনডিএ জোটের আহ্বায়ক। এবারের নির্বাচনে বিজেপি এককভাবে ২৮২ আসন পেয়েছে। জোটে তারা পেয়েছে মোট ৩৩৬ আসন। বিজেপির বাইরে নির্বাচনের ফল অনুসারে জোটের দলগুলোকে মন্ত্রিসভায় সুযোগ দিতে চায় তারা।