মোদীর শপথে যাওয়ার ব্যাপারে এখনো সিদ্ধান্তহীন নওয়াজ
প্রকাশ : ২৩ মে ২০১৪, ২৩:২৭
ভারতের নবনির্বাচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে আমন্ত্রিত পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের যোগদানের সিদ্ধান্ত এখনো জানানো হয়নি। তবে তার এ অনুষ্ঠানে যোগদানের পক্ষে মত দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
নরেন্দ্র মোদীর আগ্রহের কারণে প্রথমবারের মতো কোনো প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠানে যোগদানের জন্য সার্কভুক্ত দেশের সরকার প্রধানদের আমন্ত্রণ জানিয়েছে ভারত। ইতিমধ্যে এ শপথ অনুষ্ঠানে যোগদানের জন্য শ্রীলঙ্কা, আফগানিস্তান ও মালদ্বীপের প্রেসিডেন্ট, নেপাল, ভুটান ও মরিশাসের প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের পক্ষে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর যোগদানের বিষয়টি নিশ্চিত হয়েছে। আগামী ২৬ মে সন্ধ্যা ৬টায় প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করবেন নরেন্দ্র মোদী।
পাকিস্তান-ভারতের টানটান সম্পর্কের কারণে শরিফের আমন্ত্রণ গ্রহণ করা নিয়ে আলোচনার সৃষ্টি হয়েছে। তবে পররাষ্ট্র মন্ত্রণালয় নওয়াজ শরিফের যোগদানের পক্ষে সায় দিয়েছে বলে ডন পত্রিকা জানিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাসনিম আলম গণমাধ্যমকে বলেন প্রধানমন্ত্রী যোগদানের বিষয়টি। এছাড়া পাকিস্তানের জাতীয় পরিষদের বিরোধী দলীয় নেতা খুরশিদ আহমেদ এ আমন্ত্রণ গ্রহণের জন্য আহ্বান জানিয়েছেন। নির্বাচনে মোদী জয়লাভ করার পর নওয়াজ শরিফ তাকে ফোন করে অভিনন্দন জানিয়েছিলেন। একইসঙ্গে তাকে পাকিস্তান সফরেরও আহ্বান জানিয়েছিলেন।
এদিকে গতকাল ভারতের আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ এই অনুষ্ঠানে যোগ দিতে যথেষ্টই আগ্রহী। এজন্য পাকিস্তান প্রশাসন সেনাপ্রধান এবং আইএসআইকে বোঝানোর চেষ্টা করেছে। বলা হচ্ছে, এই সফরে গেলে নিজের মতামত স্পষ্ট করে নয়াদিল্লির সামনে তুলে ধরার সুযোগ পাবেন শরিফ। এবার প্রধানমন্ত্রী হওয়ার পর তিনি ভারতে আসার সুযোগ পাননি।