ভারতে নয়া সরকার গঠনের পর তিস্তার পানিবন্টন সমস্যারও সমাধান হবে
মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
প্রকাশ : ২৩ মে ২০১৪, ২৩:২৮
বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরণ বলেছেন, ভারতে নতুন সরকার গঠনের পর বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় এবং মজবুত হবে। তিনি আরও বলেন, শুধু রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্কই নয় সমাধান হবে দীর্ঘদিনের তিস্তার পানিবণ্টন সমস্যা।
তিনি শুক্রবার টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার মানবতার সেবায় প্রতিষ্ঠিত কুমুদিনী কমপ্লেক্স পরিদর্শনে এসে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এ কথা বলেন। বেলা সাড়ে এগারটার দিকে হাইকমিশনার পঙ্কজ শরণ ও তার মা প্রমিলা ভাটন দেবী কুমুদিনী কমপ্লেক্সে এসে পৌঁছলে কুমুদিনী পরিবারের সদস্যরা তাদের ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। পরে হাইকমিশনার কুমুদিনী লাইব্রেরী মিলনায়তন, কুমুদিনী হাসপাতাল, নার্সিং স্কুল ও কলেজ, ভারতেশ্বরী হোমস, ভারত সরকারের অনুদানপ্রাপ্ত পাওয়ার প্লান্ট ও বর্জ্য শোধনাগার, কুমুদিনী উইমেন্স মেডিক্যাল কলেজ এবং কুমুদিনী পরিবারের বিভিন্ন সেবাধর্মী ইউনিট ঘুরে দেখেন। এরপর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে হাইকমিশনার পঙ্কজ শরণ বলেন, ভারতের নতুন সরকার গঠনের পর বাংলাদেশ ও ভারতের মধ্যে ব্যবসা-বাণিজ্যের আরও প্রসার হবে, রাজনৈতিক টানাপোড়েন থাকবে না, সামপ্রদায়িক সমপ্রীতির ভিত আরো মজবুত হবে। কুমুদিনী হাসপাতালের সেবার মান সম্পর্কে তিনি বলেন, তাদের সেবার মান, নিয়মানুবর্তিতা, শিক্ষা ও সংস্কৃতির চর্চা দেখে আমি মুগ্ধ হয়েছি। ভারত সরকারের পক্ষ থেকে এই প্রতিষ্ঠানকে সবধরনের সহযোগিতা করা হবে বলে তিনি আশ্বাস দেন।
এ সময় টাঙ্গাইল জেলা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গৌতম চন্দ ্রট নাসরিন সুলতানা, কুমুদিনী হাসপাতালের পরিচালক শ্রী মতি সাহা, ডা. দুলাল চন্দ পোদ্দার, ডা. প্রদীপ কুমার রায়, ডা. এম এ জামান, ভারতেশ্বরী হোমসের প্রিন্সিপাল প্রতিভা হালদার, উপাধ্যক্ষ গোলাম কিবরিয়া, উলফাতুন নেছা ও সহকারী প্রশাসক সৈয়দ হায়দার আলী উপস্থিত ছিলেন।