পশ্চিম রেলওয়ের সিডিউল বিপর্যয়
প্রকাশ : ২৩ মে ২০১৪, ২৩:৩০
পশ্চিমাঞ্চল রেলওয়ের সকল ট্রেনের সিডিউল বিপর্যয় ঘটেছে। এ কারণে সকল আন্ত:নগর এমনকি লোকাল ট্রেনগুলোও ৬ ঘণ্টা বিলম্বে চলাচল করছে। উদ্ভূত পরিস্থিতিতে ট্রেনের যাত্রীরা চরম দুর্ভোগের কবলে পড়েছে।
পশ্চিমাঞ্চল রেলওয়ের অনুসন্ধান কর্মকর্তা উজ্জ্বল হোসেন বলেন, গত বৃহস্পতিবার ধূমকেতু ট্রেন রাত ১১টা ২০ মিনিটে রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার পথে সিরাজগঞ্জ অতিক্রম করার সময় ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এ কারণে রাজশাহী থেকে চলাচলকারী সকল রুটের ট্রেনের ক্ষেত্রে সিডিউল বিপর্যয় ঘটে। একইভাবে ঢাকা থেকে রাজশাহীগামী আন্ত:নগর ট্রেনও বিলম্বে ছাড়ছে।
শুক্রবার আন্ত:নগর সিল্ক সিটি ছিলো সকাল ৭টা ২০ মিনিটে। ট্রেনটি রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা। কিন্তু সকাল ৭টা ২০ মিনিটের ট্রেন দুপুর ১টা ৩০ মিনিটে ছেড়ে গেছে। এ কারণে পশ্চিম রেলওয়ের সকল রুটে ট্রেন চলাচলে মারাত্মক বিপর্যয় ঘটে। এমন সিডিউল বিপর্যয়ের কারণে চরম দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের।
ট্রেনের জন্য অপেক্ষমাণ যাত্রী শামীম হোসেন বলেন, তিনি সিল্কসিটি ট্রেনে ঢাকা যাওয়ার জন্য সকাল ৭টায় স্টেশনে পৌঁছে দেখেন তখনও ট্রেন আসেনি। এরপর স্টেশনে ট্রেন পৌঁছালেও ছাড়তে দেরি করে। এ সময় তিনি তার পরিবারের তিন সদস্যকে নিয়ে স্টেশনে দুর্ভোগে পড়েন। তিনি টিকিট ফেরত দিতে চাইলেও কর্তৃপক্ষ তা নেয়নি। ফলে অনেকটা বাধ্য হয়ে তিনি পরিবারের সদস্যদের নিয়ে সকাল সাড়ে ৭টার সিল্কসিটি ট্রেনে ওঠেন দুপুর ১টা ৩০ মিনিটে।
রাজশাহী রেলওয়ে স্টেশনের সুপারিনটেনডেন্ট আব্দুল করিম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সিডিউল বিপর্যয় কাটিয়ে ওঠার চেষ্টা করা হচ্ছে। আশা করছি অল্প সময়ের মধ্যে সকল রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।