নান্দাইলে কলেজছাত্র খুন, আটক এক

নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা 

নান্দাইলে তারিফ হাসান হূদয় নামে এক কলেজ ছাত্র শনিবার রাতে খুন হয়। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে। নিহত হূদয় স্থানীয় খুররম খান চৌধুরী ডিগ্রি কলেজের ছাত্র এবং উপজেলার চরভেলামারি গ্রামের মজিবুর রহমানের ছেলে।

গতকাল রবিবার সকালে তার মৃতদেহ থানা পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠিয়েছে।

নিহতের পরিবার ও এলাকাবাসী জানায়, ব্রহ্মপুত্র নদের বালিপাড়া ব্রিজের নিচে হাত-পা বাঁধা অবস্থায় হূদয়ের লাশ পাওয়া যায়। তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম মিয়া জানান, নিহতের ভাই মাজহারুল ইসলাম বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন। এ ঘটনায় শাহীনুর (২০) নামে একজনকে আটক করা হয়েছে। পুলিশ অভিযুক্ত অন্য আসামিদের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেফতারের চেষ্টা করছে।