‘সুলতানের চিত্রকর্মে শক্তিমান বাংলাদেশের গ্রামের মানুষ’

ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও চেয়ারপার্সন স্যার ফজলে হাসান আবেদ বলেছেন, গ্রামের যে সাধারণ মানুষদের শক্তিহীন মনে করা হয়, মনে করা হয় দুর্বল, তা ভুল। সত্যিকার অর্থে তারাই প্রাণপ্রাচুর্যে ভরা শক্তিমান মানুষ। শিল্পী এস এম সুলতানের চিত্রকর্মে বাংলাদেশের মানুষের সেই শক্তিময়তার সন্ধান মেলে। গতকাল ডেইলি স্টার-বেঙ্গল আর্টস প্রিসিঙ্কট’ এবং এস এম সুলতানের চিত্র প্রদর্শনী উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতায় তিনি এসব কথা বলেন। বাংলাদেশকে সুন্দর বাসযোগ্য করে তুলতে বেঙ্গল ও ডেইলি স্টারের এ উদ্যোগকে স্বাগত জানান তিনি। ‘ডেইলি স্টার’ ও বেঙ্গল ফাউন্ডেশনের যৌথ প্রচেষ্টায় গতকাল ফার্মগেটের ডেইলি স্টার ভবনে উদ্বোধন করা হলো এ গ্যালারির। উদ্বোধন উপলক্ষে বেঙ্গল ফাউন্ডেশনের সভাপতি আবুল খায়েরের ব্যক্তিগত সংগ্রহে থাকা এস এম সুলতানের ছবি নিয়ে আয়োজন করা হয়েছে ‘পরাদৃষ্টি’ শীর্ষক এ প্রদর্শনী। নতুন এ গ্যালারি ও প্রদর্শনীটির যৌথভাবে উদ্বোধন করেন ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও চেয়ারপার্সন স্যার ফজলে হাসান আবেদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এমিরেটাস আনিসুজ্জামান। বক্তব্য রাখেন ডেইলি স্টারের প্রকাশক ও সম্পাদক মাহফুজ আনাম ও বেঙ্গল ফাউন্ডেশনের সভাপতি আবুল খায়ের। শুভেচ্ছা বক্তব্য রাখেন গ্যালারির উপপরিচালক সাদিয়া রহমান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী। অধ্যাপক আনিসুজ্জামান বলেন, দেশে চিত্র প্রদর্শনীর গ্যালারি বাড়ছে। এটা দেশের মানুষের বিশেষ করে তরুণ প্রজন্মের মাঝে শিল্প রুচি গড়ে তুলছে। তিনি বলেন, এস এম সুলতানের ছবিতে বাঙলার কৃষি জীবনের প্রতিফলন দেখা যায়। শুধু তার ছবিতে মানুষগুলো অন্যরকম। সুলতানের ছবির মানুষগুলো স্বাস্থ্যবান, সুঠাম। সুলতান ছবিতে এই বাংলার মানুষের অন্তর্নিহিত শক্তির কথা বলেছেন। মাহফুজ আনাম বলেন, নতুন এই গ্যালারির প্রতিষ্ঠা বেঙ্গলের জন্য অগ্রগতির একটি বড় ধাপ হলেও ডেইলি স্টারের জন্য নতুন জগতে প্রবেশ। আবুল খায়ের বলেন, বাংলাদেশের শিল্প-সংস্কৃতিকে বিশ্ব পর্যায়ে তুলে নিতে এই ধরনের সম্মিলিত প্রচেষ্টা খুব প্রয়োজন। ডেইলি স্টার ভবনের নিচতলায় ও দোতলায় অবস্থিত উভয় গ্যালারিতে বিস্তৃত এই প্রদর্শনীতে সুলতানের নির্বাচিত পেইন্টিং ও ড্রইং থাকবে। প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত। চলবে ২৩ মে থেকে ১৩ জুলাই ২০১৪ পর্যন্ত। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। উদীচী’র আবৃত্তি অনুষ্ঠান মেঘ-রৌদ্রের খেলা উদীচী শিল্পীগোষ্ঠীর আবৃত্তি বিভাগ গতকাল আয়োজন করেছিল তাদের নিয়মিত আবৃত্তি অনুষ্ঠান ‘মেঘ রৌদ্রের খেলা’। শাহবাগে কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে সন্ধ্যায় শুরু হয় আবৃত্তি বিষয়ক ভিন্নধর্মী এ অনুষ্ঠান। অনুষ্ঠানের শুরুতেই ছিল “কালান্তরে আমাদের আবৃত্তিশিল্প ও তার বিকাশ” শীর্ষক আলোচনা সভা। এতে অংশ নিয়ে আবৃত্তি শিল্পের অতীত, বর্তমান ও ভবিষ্যত্ নিয়ে আলোচনা করেন উদীচীর সভাপতি কামাল লোহানী, সহ-সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, বিশিষ্ট আবৃত্তি শিল্পী আশরাফুল আলম, গোলাম সরোয়ার, মো. আহকামউল্লাহ, মাশকুর এ সাত্তার কল্লোল এবং রেজীনা ওয়ালী লীনা। আলোচনার পর শুরু হয় ভিন্নধর্মী আবৃত্তি সন্ধ্যা। এতে কবিতা ও ছড়া আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তি সংগঠন হরবোলা, উদ্ভাসন, উদ্ভাস, স্বরচিত্র, চারুকণ্ঠ, মুক্তবাক, স্রোত আবৃত্তি সংসদ, মুক্তধারা আবৃত্তি চর্চা কেন্দ্র, কথা আবৃত্তি চর্চা কেন্দ্রসহ বিভিন্ন আবৃত্তি সংগঠনের শিল্পীরা। এছাড়াও ছিল উদীচী কেন্দ্রীয় আবৃত্তি বিভাগের শিল্পীদের একক, যুগল ও দলীয় আবৃত্তি পরিবেশনা। শৈলজারঞ্জন মজুমদার স্মরণ সভা প্রখ্যাত রবীন্দ্রসংগীত শিল্পী, শিক্ষক ও লেখক শৈলজারঞ্জন মজুমদারের ২২তম প্রয়াণ দিবস আজ শনিবার। এ উপলক্ষে ঢাকার নেত্রকোনাবাসীর সাংস্কৃতিক সংগঠন ‘কংশ এক্সপ্রেস’ ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি যৌথভাবে শৈলজারঞ্জন মজুমদার স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন, স্মরণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ বিকাল ৫টায় শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে এ আয়োজন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ভাষা-সংগ্রামী ও রবীন্দ্র গবেষক আহমদ রফিক। বিশেষ অতিথি হিসাবে থাকবেন রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদের সহ-সভাপতি অধ্যাপক ড. নুরুল আনোয়ার এবং কবি ও গবেষক ড. আমিনুর রহমান সুলতান। একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখবেন কংশ এক্সপ্রেসের সভাপতি সুমন মাহমুদ শেখ। সম্মানিত অতিথি হিসাবে শুভেচ্ছা বক্তব্য রাখবেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা শফি আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনায় থাকবেন মাশকুর-এ-সাত্তার কল্লোল।