মুন্সীগঞ্জে খালেদা জিয়াকে সমাবেশের অনুমতি

আগামী ২৮ মে মুন্সীগঞ্জে খালেদা জিয়ার সভা করার অনুমতি পেয়েছে স্থানীয় বিএনপি। বৃহস্পতিবার সন্ধ্যায় ১০টি শর্ত সাপেক্ষে এ অনুমতি দিয়েছেন জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদল। তবে চাহিদামত স্থানে সমাবেশের অনুমতি না পাওয়ায় সন্তুষ্ট হতে পারেনি দলটি। কেন্দ্রের সাথে কথা বলে এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছে জেলা বিএনপি। জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদল জানিয়েছেন, বিএনপি শহরের হাট লক্ষীগঞ্জ এলাকায় জনসভা করার অনুমতি চেয়েছে। কিন্তু নিরাপত্তার কথা বিবেচনা করে বিএনপিকে শহরের উপকণ্ঠ মুক্তারপুরে এ জনসভা করার অনুমতি দেয়া হয়েছে। জেলা বিএনপি সভাপতি ও সাবেক উপমন্ত্রী আব্দুল হাই জানিয়েছেন, হাট লক্ষীগঞ্জেই জনসভা করার প্রস্তুতি নিচ্ছেন তারা। অনুমতি পুনর্বিবেচনার জন্য শুক্রবার তারা আবারো প্রশাসনকে চিঠি দিয়েছেন। কারণ মুক্তারপুর জায়গাটি জনসভা করার জন্য উপযোগী নয়। অনুমতি না পাওয়া গেলে সময়মত সিদ্ধান্ত নিবো-জনসভা করবো কি করবো না।