সিরিয়ায় নির্বাচনী প্রচারে মর্টার হামলায় নিহত ৩৯

সিরিয়ায় নির্বাচনী প্রচারণার সময়ে মর্টার হামলায় কমপক্ষে ৩৯ জন নিহত হয়েছে। প্রেসিডেন্ট বাসার আল আসাদের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেয়ার সময়ে ঐ হামলা হয় বলে রাষ্ট্রীয় টিভি মিডিয়া জানিয়েছে। ঘটনার দিন আসাদের সমর্থকরা দেশের দক্ষিণাঞ্চলীয় ডেরা শহরে একটি তাঁবুতে প্রেসিডেন্টের পক্ষে নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন। এসময় হামলাটি চালানো হয। এতে শিশুসহ ৩৯ জন নিহত হন। আহত হয়েছেন অনেক মানুষ। এর আগে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা অবজারভেটরি ফর হিউমেন রাইটস বৃহস্পতিবারের ঐ হামলায় ২১ জন নিহত এবং আরো ৩০ জন আহত হওয়ার কথা জানিয়েছিল। তারা জানিয়েছে হামলার সময়ে ঐ তাঁবুতে শতাধিক লোক অবস্থান করছিলেন। ডেরা শহর থেকে এক বিদ্রোহী নেতা জানান, ফ্রি সিরিয়ান আর্মি সরকার নিয়ন্ত্রিত এলাকায় ঐ হামলা চালিয়েছে। তবে হামলা চালানোর আগে বিদ্রোহীরা সাধারণ লোকজনকে ঘটনাস্থল থেকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছিল। সিরিয়ায় নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে এটিই হচ্ছে প্রথম হামলা। হামলার পর ডেরার গভর্নর মোহাম্মদ আল-হানুস রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেছেন, এ ধরনের সন্ত্রাসী হামলা চালিয়ে তারা সিরিয়ার আসন্ন নির্বাচন বানচাল করতে পারবে না। গত তিন বছরে সিরিয়ায় সহিংসতায় কমপক্ষে এক লাখ ৬০ হাজার লোক নিহত এবং লাখ লাখ লোক গৃহহারা হয়েছে।