দেড় কোটি রুপিতে বিক্রি হল টিপু সুলতানের আংটি

টিপু সুলতানের শেষ যুদ্ধে হারানো আংটি লন্ডনে দেড় কোটি রুপিতে (১ লাখ ৪৫ হাজার ইউরো) নিলাম হয়েছে। প্রত্যাশিত দামেরও প্রায় ১০ গুণ বেশি দামে বিক্রি হয়েছে আংটিটি। নিলামকারী প্রতিষ্ঠান ‘ক্রিস্টিস’ এই নিলামের আয়োজন করে। ঐতিহাসিক মূল্যের কারণে আংটিটি নিলামে তোলা নিয়ে বিতর্কের মধ্যেও শেষ পর্যন্ত শুক্রবার এটি বিক্রি হল। ক্রিস্টিস এর আগে ২০১২ সালে একবার এই আংটি নিলামের জন্য তালিকাভুক্ত করলেও পরে তা প্রত্যাহার করে নেয়। ‘টিপু সুলতান ইউনাইটেড ফ্রন্ট’ নামের একটি গ্রুপ আংটিটির নিলাম বন্ধ করার জন্য ভারত সরকারকে আহ্বান জানিয়েছিল। টিপু সুলতান ১৭৯৯ সালে শ্রীরঙ্গপত্তমের যুদ্ধে ডিউক অব ওয়েলিংটনের হাতে প্রাণ হারান। আর তখন তার আঙুল থেকে আংটিটি খুলে নেন ওয়েলিংটন। আংটিটির ওজন ৪১ গ্রাম। সেখানে রামের নাম খোদাই করা ছিল। একজন মুসলিম সম্রাটের হাতে হিন্দু দেবতার নামের এ আংটি নিয়ে বিতর্ক আছে। জানা গেছে, ওয়েলিংটন শেষ বয়সে তার ভাতিজি এমিলিকে এই আংটিটি দিয়েছিলেন। পরবর্তী সময়ে লর্ড লর্ড র্যাগল্যানের সঙ্গে এমিলির বিয়ে হয় এবং তিনি র্যাগল্যানকে আংটিটি দিয়ে দেন। ১৮১৫ সালে ওয়াটারলু যুদ্ধে র্যাগল্যানের হাতেই শোভা পায় টিপু সুলতানের সেই আংটি।